ডিপসিক নিয়ে এলো নতুন মডেল, ফের কি উঠবে ঝড়?

সংগৃহীত ছবি
বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পে ব্যাপক আলোড়ন তৈরির এক বছর পর নিজেদের নতুন মডেল ‘ভি-ফোর’ এর প্রিভিউ সংস্করণ উন্মোচন করেছে চীনা স্টার্টআপ ডিপসিক। শুক্রবার ডিপসিক তাদের নতুন এই সংস্করণ উন্মোচন করে।
যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন উন্মোচিত এ মডেলটি ওপেনএআই, অ্যানথ্রোপিক এবং গুগলের মতো শীর্ষস্থানীয় মার্কিন প্রতিষ্ঠানগুলোর মডেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে সরাসরি।
হ্যাংজুভিত্তিক প্রতিষ্ঠান ডিপসিক জানিয়েছে, তাদের নতুন এ মডেলে যৌক্তিক বিশ্লেষণ এবং এজেন্টিক সক্ষমতায় ঘটানো হয়েছে বড় ধরনের উন্নয়ন। এর ফলে মডেলটি স্বায়ত্তশাসিতভাবে ব্যবহারকারীর পক্ষে সম্পন্ন করতে পারবে কোডিং করার মতো জটিল কাজ।
২০২৫ সালে আর-ওয়ান মডেল বাজারে এনে বিশ্বকে চমকে দিয়েছিল ডিপসিক। অত্যন্ত কম খরচে বিশ্বমানের পারফরম্যান্স দেখিয়ে তারা মার্কিন এআই খাতের একাধিপত্যে দিয়েছিল বড় ধাক্কা। যার প্রভাবে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে নেমেছিল ধস।
তবে বিশ্লেষকদের মতে, নতুন ভি-ফোর মডেলটি বাজারে আগের মতো তৈরি করবে না বড় কোনো শক।
মর্নিংস্টারের জ্যেষ্ঠ বিশ্লেষক ইভান সু বলেছেন, আর-ওয়ান বাজারকে কাঁপিয়ে দিয়েছিল। কারণ চীনা কোনো মডেল এই পর্যায়ে টেক্কা দিতে পারবে, কল্পনাও করেনি কেউ। ভি-ফোর মূলত সেই ধারাবাহিকতা বজায় রাখছে মাত্র।
মার্কিন মডেলগুলো সাধারণত সংরক্ষিত হলেও ডিপসিক তাদের ভি-ফোর মডেলটিকে রেখেছে ওপেন সোর্স হিসেবে উন্মুক্ত। এর মাধ্যমে চীন ই-কমার্স থেকে শুরু করে রোবটিক্স পর্যন্ত বিভিন্ন খাতে ঘটাতে চায় দ্রুত নিজেদের প্রযুক্তির প্রসার।
ডিপসিকের দাবি, ওপেন সোর্স মডেলগুলোর মধ্যে ভি-ফোরের কোডিং ক্ষমতা এখন বিশ্বে সেরা। তবে তারা স্বীকার করেছে, সাধারণ জ্ঞান বা ওয়ার্ল্ড নলেজের ক্ষেত্রে এটি এখনো গুগলের জেমিনির চেয়ে রয়েছে পিছিয়ে।
এদিকে ডিপসিকের এই অভাবনীয় উত্থান নিয়ে সন্দেহ প্রকাশ করেছে মার্কিন প্রতিষ্ঠানগুলো। ওপেনএআই এবং অ্যানথ্রোপিক অভিযোগ করেছে, ডিপসিক তাদের মডেল থেকে অবৈধভাবে চুরি করছে তথ্য ও সক্ষমতা।



