রোহিঙ্গা গণহত্যা মামলার ঐতিহাসিক রায় কাল, কী নির্ধারণ করবেন বিচারকরা?

মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে শরণার্থীদের ঢল— রয়টার্স
রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা ঐতিহাসিক মামলার রায় বৃহস্পতিবার দেবেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। মামলাটির বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার প্রায় সাত বছর পর আসতে চলেছে এ রায়।
নেদারল্যান্ডসের হেগে পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) রায় ঘোষণা করা হবে। ১৯৪৮ সালের গণহত্যা সনদের অধীনে মিয়ানমার তার দায়িত্ব লঙ্ঘন করেছে কি না, তা নির্ধারণ করবেন আদালতের বিচারকেরা।
আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া রায় পড়ে শোনাবেন। এই রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই।
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালের নভেম্বরে মামলাটি দায়ের করে। এতে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানের বিষয়টি তুলে ধরা হয়েছে। ওই অভিযানের কারণে সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন।
মামলাটির পটভূমি, দুই পক্ষের যুক্তি এবং বৃহস্পতিবারের রায়ের সম্ভাব্য তাৎপর্য তুলে ধরা হলো।
মামলার সূত্রপাত কীভাবে?
২০১৭ সালের ২৫ আগস্ট নিরাপত্তা চৌকিতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর মিয়ানমারের সামরিক বাহিনী রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে অভিযান শুরু করে।
জাতিসংঘের তদন্তকারীদের মতে, ওই সামরিক অভিযানে ব্যাপক হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং রোহিঙ্গাদের গ্রাম পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে।
এরপর সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এর আগে নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া আরও কয়েক লাখ রোহিঙ্গার সঙ্গে যোগ দেয় তারা।
জাতিসংঘের একটি তদন্ত মিশন ২০১৮ সালে জানায়, মিয়ানমারের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তদন্ত করার মতো পর্যাপ্ত প্রমাণ রয়েছে।
মিয়ানমার এসব অভিযোগ প্রত্যাখ্যান করে। দেশটির দাবি, সামরিক অভিযান ছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে বৈধ পদক্ষেপ।
গাম্বিয়া কেন মামলা করল?
২০১৯ সালের ১১ নভেম্বর গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত সনদ লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে গাম্বিয়া।
ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ৫৭ সদস্যের সমর্থনে মামলাটি দায়ের করা হয়।
মিয়ানমার থেকে ভৌগোলিকভাবে অনেক দূরে হলেও গাম্বিয়া ও মিয়ানমার উভয়ই গণহত্যা সনদের পক্ষভুক্ত দেশ।
গাম্বিয়ার যুক্তি, এই সনদে স্বাক্ষরকারী সব দেশেরই গণহত্যা প্রতিরোধ ও শাস্তি নিশ্চিত করার দায়িত্ব রয়েছে। অপরাধের ঘটনা কোথায় ঘটেছে, তা এ দায়িত্বের ক্ষেত্রে প্রাসঙ্গিক নয়।
পরে আইসিজে মামলাটি দায়ের করার ক্ষেত্রে গাম্বিয়ার অধিকার রয়েছে বলে স্বীকার করে।
ব্যক্তির বিরুদ্ধে অপরাধের বিচার করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। অন্যদিকে আইসিজে রাষ্ট্রগুলোর আন্তর্জাতিক আইনি দায় নির্ধারণ করে।
মিয়ানমারের বক্তব্য কী?
মিয়ানমার শুরু থেকেই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে।
২০১৯ সালের ডিসেম্বরে দেশটির তৎকালীন বেসামরিক নেত্রী অং সান সু চি নিজেই হেগে আইসিজের সামনে মিয়ানমারের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, গাম্বিয়া সংঘাতের একটি অসম্পূর্ণ চিত্র আদালতের সামনে তুলে ধরেছে।
সু চি স্বীকার করেন, অভিযানে অতিরিক্ত শক্তি প্রয়োগ করা হয়ে থাকতে পারে। তবে গণহত্যার উদ্দেশ্যে হামলা চালানোর অভিযোগ তিনি প্রত্যাখ্যান করেন।
মিয়ানমারের দাবি, নিরাপত্তা বাহিনী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলার জবাব দিচ্ছিল।
২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর দেশটির সামরিক কর্তৃপক্ষও মামলায় মিয়ানমারের পক্ষে যুক্তি তুলে ধরা অব্যাহত রাখে।
গাম্বিয়ার দাবি, সহিংসতার ব্যাপকতা, পরিকল্পিত ধরন এবং নির্দিষ্ট জনগোষ্ঠীকে লক্ষ্যবস্তু করার ঘটনা প্রমাণ করে, রোহিঙ্গাদের একটি সুরক্ষিত জনগোষ্ঠী হিসেবে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার উদ্দেশ্য ছিল।আইসিজে এখন পর্যন্ত কী রায় দিয়েছে?
২০২০ সালের ২৩ জানুয়ারি আদালত মিয়ানমারকে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা প্রতিরোধে তার সাধ্যের মধ্যে সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
অভিযোগে উল্লিখিত অপরাধের প্রমাণ সংরক্ষণ এবং আদালতে নিয়মিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়।
এই অন্তর্বর্তীকালীন নির্দেশগুলো আইনগতভাবে বাধ্যতামূলক ছিল। তবে এতে গণহত্যা সংঘটিত হয়েছে কি না, তা নির্ধারণ করা হয়নি।
২০২২ সালের ২২ জুলাই আদালত মিয়ানমারের প্রাথমিক আপত্তিগুলো খারিজ করে দেন। এতে মামলাটির বিচার করার এখতিয়ার নিশ্চিত হয় এবং বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার পথ খুলে যায়।
পরে কানাডা, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যসহ ১১টি দেশ গণহত্যা সনদের ব্যাখ্যা নিয়ে নিজেদের যুক্তি উপস্থাপনের জন্য মামলায় হস্তক্ষেপ করে।
চূড়ান্ত শুনানিতে কী হয়েছিল?
২০২৬ সালের ১২ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত মামলার মূল বিষয়গুলোর ওপর শুনানি অনুষ্ঠিত হয়।
উভয় পক্ষ তাদের আইনি যুক্তি উপস্থাপন করে। আদালত সাক্ষীদের বক্তব্য শোনেন এবং বিশেষজ্ঞদের দেওয়া প্রমাণ পর্যালোচনা করেন।
গাম্বিয়া আদালতের কাছে মিয়ানমার গণহত্যা সনদ লঙ্ঘন করেছে বলে ঘোষণা দেওয়ার আবেদন জানায়। পাশাপাশি চলমান লঙ্ঘন বন্ধ করা, ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধের নিশ্চয়তা দেওয়ার দাবি জানায়।
মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে।
২৯ জানুয়ারি বিচারকেরা রায় প্রস্তুতের জন্য আলোচনা শুরু করেন। পরে ৩ নভেম্বর আদালত রায় ঘোষণার তারিখ জানায়।
বিচারকেরা কী নির্ধারণ করবেন?
মামলার মূল প্রশ্ন হলো, মিয়ানমার রোহিঙ্গাদের জাতিগত বা ধর্মীয় জনগোষ্ঠী হিসেবে সম্পূর্ণ কিংবা আংশিক ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্যে গণহত্যা সনদে নিষিদ্ধ কোনো কর্মকাণ্ড সংঘটিত করেছে কি না।গণহত্যার অভিযোগ প্রমাণ করতে শুধু ব্যাপক নৃশংসতা সংঘটিত হওয়ার প্রমাণ যথেষ্ট নয়। এ ধরনের অপরাধের ক্ষেত্রে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্যও প্রমাণ করতে হয়।
গণহত্যা প্রতিরোধ ও শাস্তি নিশ্চিত করার ক্ষেত্রে মিয়ানমারের দায়িত্বও বিবেচনা করবেন বিচারকেরা।
মিয়ানমারের বিরুদ্ধে রায় হলে দেশটির আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। এর ফলে ক্ষতিপূরণসহ বিভিন্ন প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ আসতে পারে।
আইসিজের রায় আইনগতভাবে বাধ্যতামূলক। তবে রায় বাস্তবায়নের জন্য আদালতের নিজস্ব কোনো ব্যবস্থা নেই।
রায়টি কেন গুরুত্বপূর্ণ?
গণহত্যার মামলায় মূল বিচার শেষে আইসিজের এটি হবে মাত্র তৃতীয় রায়। গণহত্যা সনদের ব্যাখ্যা এবং ভবিষ্যতে এ ধরনের বিরোধের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
গাজা নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার পৃথক গণহত্যা মামলার ক্ষেত্রেও রায়ের প্রভাব পড়তে পারে। ইসরায়েল ওই অভিযোগ অস্বীকার করে আসছে।
হিউম্যান রাইটস ওয়াচ রায়টিকে রোহিঙ্গা বেঁচে থাকা ব্যক্তিদের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বর্ণনা করেছে।
সংস্থাটির আন্তর্জাতিক বিচারবিষয়ক জ্যেষ্ঠ পরামর্শক মারিয়া এলেনা ভিগনোলি ৩ নভেম্বর দেওয়া এক বিবৃতিতে বললেন, ‘মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার পাওয়ার প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে থাকবে।’
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য এই রায়ের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাবাসন, ক্ষতিপূরণ কিংবা অপরাধীদের বিচারের নিশ্চয়তা তৈরি হবে না।
তবে গাম্বিয়া মামলা দায়ের করার প্রায় সাত বছর পর এই রায়ের মাধ্যমে গণহত্যার অভিযোগে মিয়ানমারের রাষ্ট্রীয় দায় সম্পর্কে চূড়ান্ত আইনি সিদ্ধান্ত আসবে।
রোহিঙ্গা গণহত্যা মামলার গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ
২৫ আগস্ট ২০১৭: রোহিঙ্গা বিদ্রোহীদের নিরাপত্তা চৌকিতে হামলার পর রাখাইন রাজ্যে সামরিক অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। গণহত্যা, যৌন সহিংসতা ও গ্রাম পোড়ানোর অভিযোগের মধ্যে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।
২৭ আগস্ট ২০১৮: জাতিসংঘের তদন্ত মিশন মিয়ানমারের শীর্ষ সামরিক কর্মকর্তাদের গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে তদন্ত এবং বিচারের আহ্বান জানায়।
১১ নভেম্বর ২০১৯: গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা দায়ের করে গাম্বিয়া।
১০-১২ ডিসেম্বর ২০১৯: মিয়ানমারের তৎকালীন বেসামরিক নেত্রী অং সান সু চি হেগে আইসিজের সামনে হাজির হয়ে গণহত্যার উদ্দেশ্যের অভিযোগ প্রত্যাখ্যান করেন এবং সামরিক অভিযানের পক্ষে যুক্তি দেন।
২৩ জানুয়ারি ২০২০: রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা প্রতিরোধ, প্রমাণ সংরক্ষণ এবং নিয়মিত প্রতিবেদন দেওয়ার জন্য মিয়ানমারকে অন্তর্বর্তীকালীন নির্দেশ দেন আইসিজে।
১ ফেব্রুয়ারি ২০২১: সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সু চির বেসামরিক সরকারকে উৎখাত করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপরও সামরিক কর্তৃপক্ষ মামলায় মিয়ানমারের পক্ষে যুক্তি উপস্থাপন অব্যাহত রাখে।
২২ জুলাই ২০২২: মিয়ানমারের প্রাথমিক আপত্তি খারিজ করে মামলাটি পরিচালনার এখতিয়ার নিশ্চিত করেন আইসিজে। মামলাটি দায়ের করার ক্ষেত্রে গাম্বিয়ার অধিকারও স্বীকার করেন আদালত।
৩ জুলাই ২০২৪: কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য ও মালদ্বীপের হস্তক্ষেপের আবেদন গ্রহণ করেন আইসিজে। এতে দেশগুলো গণহত্যা সনদের ব্যাখ্যা নিয়ে যুক্তি উপস্থাপনের সুযোগ পায়।
২৫ জুলাই ২০২৫: বেলজিয়াম, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া ও কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের হস্তক্ষেপের আবেদন গ্রহণ করেন আইসিজে। এতে মামলায় হস্তক্ষেপকারী দেশের সংখ্যা দাঁড়ায় ১১।
১২ জানুয়ারি ২০২৬: গণহত্যা মামলার মূল বিষয়গুলোর ওপর শুনানি শুরু করেন আইসিজে। মিয়ানমারের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করে গাম্বিয়া।
১৬ জানুয়ারি ২০২৬: শুনানিতে গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করে মিয়ানমার। গাম্বিয়ার উপস্থাপিত প্রমাণের বিরোধিতা করে দেশটি এবং গণহত্যার উদ্দেশ্য প্রমাণিত হয়নি বলে দাবি করে।
২৯ জানুয়ারি ২০২৬: সাক্ষ্য, বিশেষজ্ঞদের প্রমাণ এবং দুই পক্ষের আইনি যুক্তি পর্যালোচনা শেষে শুনানি শেষ করেন আইসিজের বিচারকেরা। তারা রায় প্রস্তুতের আলোচনা শুরু করেন।
৩ নভেম্বর ২০২৬: প্রায় সাত বছরের বিচারপ্রক্রিয়া শেষে ১৯ নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করে আইসিজে।
১৯ নভেম্বর ২০২৬: নেদারল্যান্ডসের হেগে স্থানীয় সময় সকাল ৯টায় আইসিজের চূড়ান্ত ও বাধ্যতামূলক রায় ঘোষণার কথা। গণহত্যা সনদের অধীনে মিয়ানমার তার দায়িত্ব লঙ্ঘন করেছে কি না, তা নির্ধারণ করবেন বিচারকেরা।
সূত্র: আনাদোলু






