'প্রতারণামূলক' বিজ্ঞাপন দেয়ায় ৫ কোটি ডলার জরিমানার মুখে অ্যাপল

ছবি: রয়টার্স
আইফোন ১৬-এর কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ ফিচার নিয়ে ক্রেতাদের বিভ্রান্ত করার অভিযোগে দক্ষিণ কোরিয়ায় বড় অঙ্কের জরিমানার মুখে পড়েছে অ্যাপল কোরিয়া। দেশটির ফেয়ার ট্রেড কমিশন বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জানিয়েছে, এই অভিযোগে প্রতিষ্ঠানটিকে সর্বোচ্চ ৬ হাজার ৭০০ কোটি কোরিয়ান ওন বা প্রায় ৫ কোটি মার্কিন ডলার জরিমানা করা হতে পারে। দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় দৈনিক ‘দ্য চোসুন ডেইলি’-এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এফটিসি জানায়, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত অ্যাপল তাদের ওয়েবসাইটে আইফোন ১৬-এর ৯টি এআই ফিচার নিয়ে প্রচারণা চালায়। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানটি বিজ্ঞাপন দেয় যে, ওই বছরের এপ্রিলের শুরুতেই কিছু সেবায় কোরিয়ান ভাষা যুক্ত হবে। কিন্তু বাস্তবে বিজ্ঞাপনে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নির্দিষ্ট সময়ে সেসব ফিচার কোরিয়ান ভাষায় চালু করা হয়নি।
বিশেষ করে ভয়েস অ্যাসিস্ট্যান্ট ‘সিরি’র ব্যক্তিগত প্রেক্ষাপট বোঝার ক্ষমতার ক্ষেত্রে এই অসঙ্গতি ছিল সবচেয়ে বেশি। ২০২৫ সালের এপ্রিলের শুরুতে কোরিয়ান ভাষায় ফিচারটি আসার কথা বলা হলেও তা চালু হয়েছে অনেক দেরিতে—চলতি বছরের অক্টোবরে।
নিয়ন্ত্রক সংস্থাটির তদন্তে উঠে এসেছে, অ্যাপল ফিচারগুলোর প্রাপ্যতা ও মুক্তির সময়সূচি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য গোপন বা বাদ দিয়েছে, যা ক্রেতাদের ফোন কেনার সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। তদন্ত কর্মকর্তারা এটিকে ‘ন্যায্য লেবেলিং ও বিজ্ঞাপন আইনের’ গুরুতর লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছেন।
এফটিসি-র হিসাব অনুযায়ী, এই বিতর্কিত বিজ্ঞাপনের সাথে সংশ্লিষ্ট বিক্রয়ের পরিমাণ প্রায় ৩ দশমিক ৩৫ ট্রিলিয়ন কোরিয়ান ওন (প্রায় আড়াই বিলিয়ন ডলার)। আইন অনুযায়ী, সংশ্লিষ্ট বিক্রয়ের সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের বিজ্ঞাপন বন্ধে নিষেধাজ্ঞা ও জনসম্মুখে তথ্য প্রকাশের নির্দেশ দেওয়ারও সুপারিশ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) তদন্ত প্রতিবেদনটি কমিশনে জমা দেওয়ার পাশাপাশি অ্যাপল কর্তৃপক্ষের কাছেও পাঠানো হয়েছে। আত্মপক্ষ সমর্থন করে লিখিত বক্তব্য ও প্রমাণ উপস্থাপনের জন্য অ্যাপলকে ছয় সপ্তাহ সময় দেওয়া হয়েছে।



