স্ত্রীকে ডিভোর্সে ২২ হাজার ৯৪৫ কোটি টাকা দিতে হবে দ.কোরিয়ার ব্যবসায়ীকে

ভিডিও গেম জায়ান্ট স্মাইলগেটের প্রতিষ্ঠাতা কওন হিয়ক-বিন— সংগৃহীত ছবি
দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে বড় ডিভোর্স সেটেলমেন্টের রায় দিয়েছেন দেশটির একটি আদালত। ভিডিও গেম জায়ান্ট স্মাইলগেটের প্রতিষ্ঠাতা কওন হিয়ক-বিনকে তার সাবেক স্ত্রী লি হোয়া-জিনকে ২ দশমিক ৫৫ ট্রিলিয়ন ওন, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ হাজার ৯৪৫ কোটি টাকা মূল্যের সম্পদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে স্মাইলগেটের প্রায় ৩৫ শতাংশ শেয়ার ও ৬৫ বিলিয়ন ওন নগদ অর্থ।
দক্ষিণ কোরিয়ার তৃতীয় বৃহত্তম ভিডিও গেম কোম্পানি স্মাইলগেটের প্রতিষ্ঠাতা কওন দেশটির অন্যতম ধনী ব্যক্তি। ব্লুমবার্গের হিসাবে তার মোট সম্পদের পরিমাণ ৩০০ কোটি ডলার।
আদালতের রায়ের আগে স্মাইলগেটের পুরো মালিকানাই ছিল কওনের হাতে। আদালত রায়ে কোম্পানিটির প্রায় ৩৫ শতাংশ শেয়ার, যার মূল্য প্রায় ২ দশমিক ৫ ট্রিলিয়ন ওন, তার স্ত্রী লি হোয়া-জিনকে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তাকে আরও ৬৫ বিলিয়ন ওন নগদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই সেটেলমেন্ট আগের রেকর্ডের দ্বিগুণেরও বেশি। এর আগে প্রযুক্তি খাতের শীর্ষ ব্যবসায়ী চে তায়ে-ওনকে তার সাবেক স্ত্রীকে ৯৪৪ বিলিয়ন ওন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
কওনের সঙ্গে ডিভোর্সের আবেদন করার সময় লি স্মাইলগেটের ৫০ শতাংশ মালিকানা দাবি করেছিলেন। ব্লুমবার্গ জানিয়েছে, তার আইনজীবীরা আদালতে যুক্তি দেন, কোম্পানিটি প্রতিষ্ঠার সময় লি এর অর্থায়নে সহায়তা করেছিলেন।
কওন ও লি ২০০১ সালে বিয়ে করেন। এর এক বছর পর কওন স্মাইলগেট প্রতিষ্ঠা করেন। কোম্পানিটির সবচেয়ে পরিচিত গেমগুলোর মধ্যে রয়েছে ফার্স্ট-পার্সন শুটার গেম ‘ক্রসফায়ার’ এবং অ্যাকশন রোল-প্লেয়িং গেম ‘লস্ট আর্ক’।
লি আরও বলেছেন, ২০ বছরের বেশি সময় ধরে তিনি তাদের সন্তানদের লালন-পালন এবং সংসার দেখাশোনা করেছেন।
অন্যদিকে কওনের দাবি, লি কোম্পানিতে কোনো অর্থ বিনিয়োগ করেননি এবং সেখানে কাজও করেননি। চলতি বছরের শুরুতে স্মাইলগেট এক বিবৃতিতে জানিয়েছিল, কোম্পানিটির প্রতিষ্ঠাকালীন পুরো মূলধন কওনই দিয়েছিলেন।
স্মাইলগেটের এক মুখপাত্র কোম্পানির প্রধান শেয়ারহোল্ডারের ‘ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করতে’ অস্বীকৃতি জানিয়েছেন।
‘আমরা বরাবরের মতো আমাদের দায়িত্ব বিশ্বস্ততার সঙ্গে পালন করে যাব,’ দ্য চোসুন ডেইলির উদ্ধৃত এক বিবৃতিতে তিনি বলছিলেন।
তবে দুই পক্ষই এখনও এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।
চলতি বছরের জুলাইয়ে করপোরেট জায়ান্ট এসকে গ্রুপের চেয়ারম্যান চে তায়ে-ওনকে তার সাবেক স্ত্রীকে ৯৪৪ বিলিয়ন ওন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। আজকের রায়ের আগে এটিই ছিল কোরিয়ার ইতিহাসে সবচেয়ে বড় ডিভোর্স সেটেলমেন্ট।
তবে পরে সুপ্রিম কোর্ট ওই রায় বাতিল করে দেন। আদালত জানান, দম্পতির সম্পদের মূল্য হিসাব করার ক্ষেত্রে ভুল হয়েছিল, যার ফলে সম্পদের মূল্য বেশি দেখানো হয়েছিল। মামলাটি পুনর্বিবেচনার জন্য নিম্ন আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।
সূত্র: বিবিসি






