নেপালে হিমালয়ের শৃঙ্গ থেকে নামার সময় নিচে পড়ে জার্মান পর্বতারোহীর মৃত্যু
রয়টার্স

আমা দাবলাম শৃঙ্গ— রয়টার্স
নেপালের উত্তর-পূর্বাঞ্চলে হিমালয়ের একটি শৃঙ্গ থেকে নামার সময় নিচে পড়ে এক জার্মান পর্বতারোহীর মৃত্যু হয়েছে। সোমবার এ তথ্য জানিয়েছেন এক ট্রেকিং কোম্পানির কর্মকর্তা।
৬ হাজার ৮১৪ মিটার উচ্চতার আমা দাবলাম শৃঙ্গের চূড়ায় রবিবার উঠেছিলেন ওই পর্বতারোহী। ফেরার পথে চূড়া থেকে প্রায় ১ হাজার ৫০০ মিটার নিচে পড়ে যান তিনি। সোমবার তার মৃত্যু হয় বলে জানিয়েছে পর্বতারোহীকে স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় সহায়তা দেওয়া প্রতিষ্ঠান রিয়েল হিমালয়া প্রাইভেট লিমিটেডের প্রধান গোকুল থাপা।
লুকলা থেকে রয়টার্সকে থাপা বললেন, ‘আজই একটি অনুসন্ধানকারী দল তার মরদেহ উদ্ধার করেছে।’
বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের অবস্থান সোলুখুম্বু জেলায়। একই জেলার আমা দাবলাম পর্বতারোহীদের কাছে জনপ্রিয় একটি শৃঙ্গ।
থাপা জানান, জার্মান পর্বতারোহীর মরদেহ পর্বত থেকে নামিয়ে আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য হেলিকপ্টারে করে মরদেহটি কাঠমান্ডুর একটি হাসপাতালে নেওয়া হবে।
চলতি বছরের সেপ্টেম্বর-নভেম্বরের শরৎকালীন পর্বতারোহণ মৌসুমে আমা দাবলাম শৃঙ্গে ওঠার অনুমতি পেয়েছেন ৩০০ জনের বেশি পর্বতারোহী।
এর আগে চলতি বছর পাকিস্তানের একটি পর্বতে এক খ্যাতনামা নেপালি-ব্রিটিশ পর্বতারোহীসহ ১০ জনের মৃত্যু হয়।




