টোকিওতে চুরি হওয়া প্রায় ৩ লাখ ডলারের ঘড়ি চিরকূটসহ ফিরিয়ে দিলেন চোর

টোকিও— রয়টার্স
জাপানের টোকিওর একটি দোকান থেকে গত সপ্তাহে চুরি হওয়া প্রায় ২ লাখ ৯০ হাজার ডলার মূল্যের সুইস বিলাসবহুল ঘড়ি ফিরিয়ে দেওয়া হয়েছে। ঘড়িটির সঙ্গে ছিল ক্ষমা চেয়ে লেখা একটি চিঠি। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে এ খবর।
এক ব্যক্তি ক্রেতা সেজে দোকানে ঢুকে অডেমার পিগে ব্র্যান্ডের ঘড়িটি হাতে পরে দেখার চেষ্টা করেন। এরপর ঘড়িটি হাতে থাকা অবস্থাতেই জাপানের রাজধানীর ওই দোকান থেকে পালিয়ে যান তিনি।
তবে সোমবার আসাহি শিমবুন পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যম জানায়, পরে দোকানটিতে একটি পার্সেল পাঠানো হয়। সেটির ভেতরে ছিল চুরি যাওয়া ঘড়িটি এবং হাতে লেখা একটি ক্ষমাপ্রার্থনার চিঠি। তদন্তসংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে এ খবর দেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ঘড়িটির সিরিয়াল নম্বর পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে, এটিই চুরি যাওয়া ঘড়ি।
এ বিষয়ে এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে মন্তব্য করতে অস্বীকৃতি জানায় দোকান কর্তৃপক্ষ।
আসাহি শিমবুনের খবর অনুযায়ী, চুরির সন্দেহে ওই ব্যক্তিকে খুঁজছে টোকিও পুলিশ।
গত আগস্টে একই বিপণিবিতানের আরেকটি দোকান থেকে ২০ কোটি ইয়েন মূল্যের চারটি বিলাসবহুল ঘড়ি চুরি হয়েছিল।
সূত্র: এএফপি



