পাকিস্তানের সঙ্গে বিরোধ কূটনীতির মাধ্যমে সমাধান সম্ভব: তালেবান পররাষ্ট্রমন্ত্রী

তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি— রয়টার্স
প্রতিবেশী আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার সমস্যাগুলো সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধান করা সম্ভব। আফগান তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি আজ সোমবার এমনটাই মন্তব্য করেছেন।
তিনি বলেছেন, ‘রাজনৈতিক সমঝোতা’ খোঁজার পরিবর্তে পাকিস্তানের প্রভাবশালী সামরিক বাহিনী আফগানিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে শুধু সামরিক ভাষাই ব্যবহার করছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আগ্রাসন চালিয়েছে।
মুত্তাকি আরও বলেছেন, পাকিস্তান ট্রানজিট পথ, শরণার্থী ও শিক্ষার্থীদের চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং স্থিতিশীলতাকে চ্যালেঞ্জ জানাতে সীমান্তের কাছে হাজার হাজার সশস্ত্র সদস্য জড়ো করেছে।
তার মতে, পাকিস্তানের সঙ্গে সমস্যাকে ‘পারস্পরিক অভিযোগ ও প্রচারের ক্ষেত্র’ হিসেবে পরিণত করতে চায় না আফগানিস্তান। একই সঙ্গে ‘এটি দীর্ঘায়িত করার নতুন কোনো উপায়ও’ খুঁজছে না।
তবে মুত্তাকি জানালেন, যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষাকে কাবুল তার বৈধ ও অস্বীকারযোগ্য অধিকার হিসেবে বিবেচনা করে।
রাশিয়ায় একটি অনুষ্ঠানে দেওয়া মুত্তাকির এসব মন্তব্য এমন সময়ে এলো, যখন একসময় মিত্র থাকা দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা বেড়ে চলেছে।
সন্ত্রাসী তৎপরতা নিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ইসলামাবাদের অভিযোগ, কাবুল এমন সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে, যারা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে হামলা চালায়।
তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, সন্ত্রাসী তৎপরতা পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা।




