সিউলে গ্লোবাল জব ফেয়ারে আড়াই হাজারের বেশি বিদেশি চাকরিপ্রার্থীর মিলনমেলা

দক্ষিণ কোরিয়ায় বসবাস ও ক্যারিয়ার গড়তে আগ্রহী বিদেশি শিক্ষার্থীদের জন্য বিশাল কর্মসংস্থানের সুযোগ ও দিকনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত হলো ‘সিউল গ্লোবাল জব ফেয়ার’। সিউল মেট্রোপলিটন সরকারের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত এই মেলায় আড়াই হাজারের বেশি বিদেশি চাকরিপ্রার্থী অংশ নিয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) দক্ষিণ সিউলের গ্যাংনাম জেলার সেটেকে দিনব্যাপী এই জব ফেয়ার অনুষ্ঠিত হয় বলে দেশটির শীর্ষস্থানীয় দৈনিক ‘কোরিয়া জুংআং ডেইলি’ এর এক প্রতিবেদনে জানানো হয়েছে।
হাতে জীবনবৃত্তান্ত এবং পরিপাটি পোশাকে সজ্জিত হয়ে হাজারো বিদেশি শিক্ষার্থী মেলায় ভিড় জমান। মেলায় ১১৭টি কোম্পানি ও প্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো প্রার্থীদের জন্য সরাসরি ইন্টারভিউ, চাকরির পরামর্শ এবং নানা সৃজনশীল কার্যক্রমের আয়োজন করে।
আজো বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের মিয়ানমারের শিক্ষার্থী মে থু থু হান বন্ধুদের সাথে ইন্টার্নশিপের খোঁজে মেলায় আসেন। তিনি জানান, তিনি তিনটি বুথ ঘুরে নিয়োগকর্তাদের সাথে কথা বলেছেন এবং একটি ইন্টারভিউ দিয়েছেন। শুরুতে কোরিয়ায় চাকরির পরিকল্পনা না থাকলেও এখানে বসবাসের পর স্থায়ীভাবে ক্যারিয়ার গড়ার আগ্রহ তৈরি হয়েছে তার।
অন্যদিকে, ইন্দোনেশিয়ান এমবিএ শিক্ষার্থী ক্লদিয়া জানান, কোরিয়ার চাকরির বাজার এখন বিদেশিদের জন্য আগের চেয়ে অনেক বেশি প্রতিযোগিতামূলক। তবে সিউল এখন অনেক বেশি বৈশ্বিক হয়ে উঠেছে এবং এখানে আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের দারুণ সুযোগ রয়েছে।
চলতি বছরের এপ্রিলের হিসাব অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। কোরিয়া ফেডারেশন অব স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেসের তথ্যমতে, প্রতি ১০ জন বিদেশি শিক্ষার্থীর মধ্যে ৯ জনই কোরিয়ায় কাজ করতে চান। কিন্তু স্নাতক শেষ করার পর প্রতি ৭ জনে মাত্র ১ জন চাকরি পান।
এই সংকট কাটাতে আয়োজিত মেলায় স্যামসাং ফায়ার অ্যান্ড মেরিন ইনস্যুরেন্স, কাকাও ব্যাংক, শিনহান ব্যাংক, লটে ওয়ার্ল্ড এবং এদিয়া কফির মতো বড় প্রতিষ্ঠানগুলো অংশ নেয়। এছাড়া কোরিয়া জুংআং ডেইলির প্ল্যাটফর্ম ‘কে-ক্যাম্পাস’ কোরিয়ায় পড়াশোনার তথ্য নিয়ে একটি বুথ পরিচালনা করে।
মেলায় গ্লোবাল বিজনেস, ফিন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, গ্লোবাল সেলস, টিকটক শপ মার্কেটিং, মেডিকেল ট্যুরিজম এবং কাস্টমার সাপোর্টসহ নানা পদে নিয়োগের সুযোগ দেওয়া হয়। এর মধ্যে ৬১টি প্রতিষ্ঠান ডি-২ এবং ডি-১০ ভিসাধারী শিক্ষার্থীদের কর্মসংস্থান ভিসায় পরিবর্তনের জন্য স্পনসরশিপ ও সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। স্টলগুলোতে চাকরির পাশাপাশি লটারি, ফটো বুথ এবং সিউলের মাসকট ‘হেচি’র সাথে ছবি তোলার সুযোগ ছিল।
উদ্বোধনী অনুষ্ঠানে সিউল মেট্রোপলিটন সরকারের গ্লোবাল সিটি পলিসি ব্যুরোর মহাপরিচালক কিম মিয়ং-জু বলেন, ২০২৭ সালের কিউএস র্যাঙ্কিংয়ে সিউল টানা দ্বিতীয়বার সেরা শিক্ষার্থী শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে। তিনি বলেন, “চাকরিপ্রার্থীদের উচ্চাকাঙ্ক্ষা ও আগ্রহই সিউলের প্রবৃদ্ধিকে এগিয়ে নিচ্ছে।” এছাড়া সিউল রিজিওনাল অফিস অব এসএমইস অ্যান্ড স্টার্টআপসের প্রশাসক কিম উ-সুন বিদেশি মেধাবীদের কোরিয়ান কোম্পানির প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে উল্লেখ করেন।
মেলায় অতিথি বক্তা হিসেবে অভিজ্ঞতা বিনিময় করেন নাইজেরিয়ান শিক্ষার্থী মোহাম্মদ হারুনা হামজা। কাইস্ট-এর অ্যারোস্পেস সিস্টেমস অ্যান্ড কন্ট্রোল ল্যাবরেটরির এই পিএইচডি গবেষক চলতি বছর প্রথম বিদেশি হিসেবে কাইস্টের সমাবর্তনে বিদায়ী বক্তৃতা দিয়ে আলোচনায় আসেন। তিনি জানান, শুরুতে ভাষা ও সংস্কৃতি নিয়ে ভয় থাকলেও নেটওয়ার্কিং, নতুন দক্ষতা অর্জন এবং সমাজকে কিছু দেওয়ার মাধ্যমে তিনি সফল হয়েছেন। এছাড়া তুরস্কের বংশোদ্ভূত সাংবাদিক ও কোরিয়ান নাগরিক সিনাসি আলপাগো বিদেশিদের নিজস্ব স্বাতন্ত্র্য ও পরিচয় গড়ে তোলার পরামর্শ দেন।
সিউল সিটি সরকার জানিয়েছে, মেলা শেষ হওয়ার পরও আগামী তিন মাস অংশগ্রহণকারী কোম্পানি এবং চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ার অগ্রগতি পর্যবেক্ষণ ও যোগাযোগ অব্যাহত রাখা হবে।



