এআই মানুষকে হত্যা করতে পারে, অ্যানথ্রপিকের সিইওর আশঙ্কা

অ্যানথ্রপিকের সিইও দারিও আমোদেই। ছবি: রয়টার্স
ক্রমেই শক্তিশালী হয়ে ওঠা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানুষের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারিও আমোদেই। তার মতে, নিরাপত্তা নিশ্চিত করতে এআই উন্নয়নের গতি কিছুটা কমানো দরকার।
সম্প্রতি সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে আমোদেইকে প্রশ্ন করা হয়, এআই মানুষকে হত্যা করতে পারে কি না। এমন ঘটনার সম্ভাবনা কতটা, তাও জানতে চাওয়া হয়।
জবাবে তিনি অ্যানথ্রপিকের সাবেক গবেষক জ্যাকব কক্সনের উদ্বেগের সঙ্গে একমত হওয়ার দিকেই বেশি মত বলে জানান।
অ্যানথ্রপিক ও ওপেনএআইয়ে কাজ করা কক্সন চাকরি ছাড়ার পর এআইয়ের দ্রুত উন্নয়ন নিয়ে সতর্ক করেন। তিনি বলেছিলেন, প্রযুক্তি খাতের অনেকেই মনে করেন, আগামী দশকের শেষ নাগাদ উন্নত এআই মানবজাতির জন্য ভয়াবহ হুমকি হয়ে উঠতে পারে।
আমোদেই বলেছেন, কক্সন কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানকে দায়ী করেননি। বরং পুরো এআই শিল্পের অতিরিক্ত দ্রুত এগিয়ে যাওয়ার প্রবণতা নিয়ে সতর্ক করেছেন। তার ভাষ্য, ঝুঁকির সম্ভাবনা কত শতাংশ, শুধু সেটি না দেখে প্রযুক্তি কোন পথে যাচ্ছে এবং সংশ্লিষ্টরা কী সিদ্ধান্ত নিচ্ছেন, সেদিকে নজর দেওয়া জরুরি।
তার দাবি, ‘আমরা যদি সঠিক পথে এগোই, তাহলে কোনো কিছু ভুল হওয়ার সম্ভাবনা খুব কম। আর ভুল পথে এগোলে সেই সম্ভাবনা আরও বেশি হতে পারে।’
নিরাপদ এআই উন্নয়নের জন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সরকারগুলোকেও কাজ করতে হবে বলে মনে করেন তিনি। তবে উন্নয়নের গতি অতিরিক্ত কমিয়ে দেওয়ারও ঝুঁকি আছে বলে সতর্ক করেছেন আমোদেই।
তার মতে, এতে প্রযুক্তির নিয়ন্ত্রণ এমন ব্যক্তিদের হাতে চলে যেতে পারে, যারা এর ঝুঁকি সম্পর্কে যথেষ্ট সচেতন নন।
সম্প্রতি এক নিবন্ধে এআইয়ের কয়েকটি বড় ঝুঁকির কথাও তুলে ধরেছেন তিনি। এর মধ্যে রয়েছে প্রযুক্তির ওপর মানুষের নিয়ন্ত্রণ হারানো, সাইবার হামলা, জীবসন্ত্রাসে অপব্যবহার ও অর্থনৈতিক অস্থিরতা।
বাণিজ্যিক প্রতিযোগিতার কারণে প্রতিষ্ঠানগুলো দ্রুত এগোতে চাইলে এসব ঝুঁকি আরও বাড়তে পারে বলে সতর্ক করেন তিনি।
নিরাপত্তা নিশ্চিত করতে তিনটি পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন আমোদেই। এগুলো হলো স্বাধীন তৃতীয় পক্ষের নজরদারি, এআই প্রতিষ্ঠানগুলোর মধ্যে অভিন্ন নিরাপত্তা মানদণ্ড এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো।
অ্যানথ্রপিকের এই অবস্থানকে সমর্থন জানিয়েছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান। তিনি বলেছেন, উন্নত এআইয়ের উন্নয়নে স্বাধীন পর্যবেক্ষকদের যুক্ত করার মতো ব্যবস্থা ওপেনএআইও গ্রহণ করবে।
এদিকে এক্সএআই ও টেসলার প্রধান ইলন মাস্ক আমোদেইর বক্তব্য সমর্থন করে বলেছেন, ‘দারিও সঠিক।’
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার টুর্কও এআইয়ের নিরাপত্তা নিশ্চিত করতে দেশগুলোর প্রতি কঠোর নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
তার মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই কার্যকর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
সূত্র: এনডিটিভি




