নতুন কুঁড়িতে নিবন্ধন করেছে ১৬ লাখ খেলোয়াড়

সংগৃহীত ছবি
নতুন কুঁড়ির প্রথম পর্বের রেশ না মিটতেই শুরু হতে যাচ্ছে দ্বিতীয় আসর। ৫ নভেম্বর থেকে শুরু হবে তৃণমূলের কিশোর-কিশোরীদের নিয়ে এই আয়োজন। ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা থেকে একযোগে ৫০৩টি উপজেলায় প্রজেক্টরের মাধ্যমে উদ্বোধন করবেন এই আসরের।
তৃণমূল থেকে প্রতিভা খোঁজার এই আয়োজনে এবার ১৬ লাখেরও বেশি খেলোয়াড় নিবন্ধন করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জাতীয় ক্রীড়া পরিষদে এ নিয়ে বললেন, ‘আমাদের এরই মধ্যে অনলাইনে ১৬ লাখ ২৩ হাজার নিবন্ধন করেছে। সেখানে ৯ লাখের বেশি কিশোর। কিশোরী ৬ লাখের বেশি। শতকরা হিসেব করে দেখেছি ৫০ শতাংশ আমাদের কিশোর। আর অংশগ্রহণ করছে ৪২ শতাংশ মেয়ে। বাংলাদেশের আগামী ক্রীড়াঙ্গনে মেয়েদের যে অংশগ্রহণ, তা দেখে আরও অনেকে উৎসাহিত হবেন। তাদের ঘরের মেয়েরাও যে পারে, তাদেরও হাত ধরে যে বাংলাদেশ এগিয়ে যেতে পারে, সেই আশার আলো সেসব পরিবার দেখতে পায়।’
নতুন কুঁড়ির প্রথম আসরকে সফল বললেন আমিনুল হক। সেই আসর থেকে উঠে আসা ৩১০ জন খেলোয়াড়কে নিয়ে বিকেএসপিতে ট্রেনিংয়ের কথাও জানালেন তিনি,‘ অতীতের অভিজ্ঞতা থেকে বলা যায় গতানুগতিক ধারায় কোন টুর্নামেন্ট শেষ হলো, এরপর আর সেই খেলোয়াড়দের খুঁজে পাওয়া যায় না। এটাই ক্রীড়াঙ্গনের বাস্তব চিত্র ছিল। আমরা একটু ভিন্ন পদক্ষেপ নিয়েছি। প্রথম আসরের যে ৩১০ জন ক্রীড়াবিদ পেয়েছি, তাদেরকে নিয়ে আমরা বিকেএসপিতে ৪০ দিনের একটি ট্রেনিং কার্যক্রম চলমান রয়েছে। সেখান থেকে যারা বিশেষ প্রতিভাবান তাদেরকে নির্বাচিত করে বিকেএসপিতে ভর্তির সুযোগ করে দেয়া হবে। খেলাধুলার পাশাপাশি তারা যেন পড়াশুনাও চালিয়ে যেতে পারে।’
প্রথম আসরের সঙ্গে এবার যোগ করা হয়েছে টেবিল টেনিস ও ভলিবল। এই দুটির সঙ্গে এবারও থাকছে অ্যাথলেটিক্স, সাঁতার, ফুটবল, ক্রিকেট, মার্শাল আর্ট, দাবা, ব্যাডমিন্টন, কাবাডি।



