পাকিস্তানে বাংলাদেশের স্কুল ক্রিকেটারদের শিরোপা

পাকিস্তানের মাটিতে একাধিক দেশের স্কুল পড়ুয়া ক্রিকেটারদের অংশগ্রহণে অনুষ্ঠিত আইচিসন কলেজ আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের সমন্বিত স্কুল দল। ফাইনালে বাংলাদেশ সমন্বিত স্কুল দল ৫ উইকেটে হারিয়েছে আইচিসন কলেজ বি দলকে।
অবিভক্ত ভারতবর্ষের এক ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান লাহোরের আইচিসন কলেজ। ইমরান খান, রমিজ রাজা সহ পাকিস্তানের অনেক রাজনীতিবিদ, সেনা কর্মকর্তা ১৪০ বছরেরও বেশি পুরানো এই স্কুলের সাবেক শিক্ষার্থী। আইচিসন কলেজের ১৪০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত আন্তর্জাতিক আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্টে পাকিস্তানের বেশ কিছু স্কুল বাদে সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশ থেকেও দুটো দল অংশ নেয়।
ফাইনালে আইচিসন কলেজ বি দলকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সমন্বিত স্কুল দল। টসে হেরে আগে ব্যাট করে আইচিসন কলেজ বি দল ৩০.৪ ওভারে ১২৯ রানে অলআউট হয় আইচিসন কলেজ। সর্বোচ্চ ৭৭ রান করেন উসমান খান। রানতাড়ায় নাঈম হাসান সবুজের ৪৮ ও রিয়াদ শেখের ২৮* রানে ২৬.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ সমন্বিত স্কুল দল। ম্যাচসেরা সবুজ।





