লাস্ট ড্যান্স
মেসির বিদায়ী ম্যাচে জমকালো যত আয়োজন

স্তাদিও মনুমেন্তালে বাংলাদেশ সময় বুধবার ভোরে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবল জাদুকর লিওনেল মেসি। এই ঐতিহাসিক ও আবেগঘন বিদায়ী উপলক্ষটিকে স্মরণীয় করে রাখতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ম্যাচ ঘিরে যেমন থাকছে তারকাবহুল একাদশ, তেমনি পুরো স্টেডিয়ামজুড়ে থাকবে নজরকাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান।
ম্যাচ শুরুর আগে, বিরতিতে এবং ম্যাচ শেষে পুরো স্টেডিয়াম মেতে থাকবে নানা সাংস্কৃতিক আয়োজনে। এএফএ প্রকাশিত সূচি অনুযায়ী, অনুষ্ঠানমঞ্চ মাতাতে হাজির থাকবে উ পোকে দে রুইদো। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন সেবাস্তিয়ান মেনদোজা, রোমান, এল অরিজিনাল, আমার আজুল, সান্ত্তি কায়রো, ক’লোকুরা এবং দামাস গ্রানিস।
আর্জেন্টিনার জাতীয় সংগীত পরিবেশন করবেন ফকল্যান্ড যুদ্ধের বীর ফ্যাবিও সান্তানা। হাফটাইমে গিটার হাতে সুরের মূর্ছনা ছড়াবেন গ্যাসপার বেনেগাস। ম্যাচ শেষে রাত ১০:০৩ মিনিটে শুরু হবে চোখ ধাঁধানো ড্রোন শো ও বর্ণিল আতশবাজি। এরপর মঞ্চ মাতাবেন ‘লা সোল’ এবং উলিসেসে বুয়েনো। এছাড়া দিনের শেষ চমক হিসেবে থাকছে একটি বিশেষ গোপন উপস্থাপনা।
বিশ্ব ফুটবলের এই অনন্য রাজপুত্রের বিদায়ী ক্ষণে পুরো আর্জেন্টিনা ও বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের চোখ এখন কেবল স্তাদিও মনুমেন্তালে। কোচ লিওনেল স্কালোনি এই বিশেষ ম্যাচে কাতার বিশ্বকাপজয়ী পুরোনো সতীর্থদের নিয়েই সাজিয়েছেন আর্জেন্টিনার শুরুর একাদশ। কাতার বিশ্বকাপজয়ী স্কোয়াডের প্রায় সব সদস্যই মনুমেন্টালে উপস্থিত থেকে তাদের প্রিয় অধিনায়কের বিদায়কে রাঙিয়ে তুলবেন।
গোলপোস্টের নিচে যথারীতি থাকছেন মার্তিনেস। রক্ষণভাগে অগাস্টিন গিয়াইয়ের সাথে থাকবেন ক্রিশ্চিয়ান রোমেরো, অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি এবং নিকোলাস তাগালিয়াফিকো। মাঝমাঠে রদ্রিগো দে পলের সাথে লড়বেন এনজো ফার্নান্দেস ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। আক্রমণভাগে ১০ নম্বর জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন লিওনেল মেসি, যার সাথে থাকবেন হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্তিনেস।





