লিওনেল মেসি
স্পেশাল মুহূর্তগুলো খুব মিস করব

জাতীয় দলের শেষ অনুশীলনে সতীর্থদের সঙ্গে লিওনেল মেসি। ছবি: এএফএ
আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে ক্যারিয়ারের শেষ ম্যাচের ঠিক ২৪ ঘণ্টা আগে নিজের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন মহাতারকা লিওনেল মেসি। ইজেইজার ট্রেনিং ক্যাম্পে নিজের শেষ দিনের অনুশীলনের স্মৃতি ভাগ করে নিয়ে তিনি লিখেছেন, মুহূর্তগুলো খুব মিস করবেন।
বুধবার স্তাদিও মনুমন্তালে বাংলাদেশ সময় ভোর ৫টায় বেনিনের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন মেসি। এই বিদায়ী ম্যাচের ঠিক আগে সোমবার ইজেইজার ট্রেনিং কমপ্লেক্সে তিনি শেষবারের মতো জাতীয় দলের সঙ্গে ঘাম ঝরান। সতীর্থদের সাথে হাসিমুখে অনুশীলনের সেই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করার পাশাপাশি একটি বিশেষ ছবি অনুরাগীদের সাথে শেয়ার করেছেন ফুটবল জাদুকর।
সেই বিশেষ ছবিতে দেখা গেছে— মেসি ও তার সতীর্থদের পাশাপাশি পুরো কোচিং স্টাফ, এএফএ-এর কর্মকর্তা-কর্মচারী এবং খোদ অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাউদিও তাপিয়াও উপস্থিত রয়েছেন। পুরো দলের এই একতা ও ভালোবাসার মুহূর্তটি ভক্তদের মনে গভীর দাগ কেটেছে। মেসি ক্যাপশনে লিখেন, ‘স্পেশাল কিছু মুহূর্ত, আমি জানি এগুলো খুব মিস করব।’
এদিকে মঙ্গলবার বেনিনের বিপক্ষে এই ঐতিহাসিক ম্যাচে পুরো ৯০ মিনিটই মেসি মাঠে থাকবেন বলে আশা করা হচ্ছে। এই ম্যাচকে কেন্দ্র করে মনুমন্তাল স্টেডিয়ামে থাকছে বিশাল আয়োজন। বর্ণাঢ্য এই বিদায়ী আয়োজনে ম্যাচ ছাড়াও থাকছে নানা চমক, অতিথি শিল্পীদের পরিবেশনা এবং কাতার ২০২২ বিশ্বকাপ জয়ী স্কোয়াডের প্রায় সব সদস্যের উপস্থিতি।
উল্লেখ্য, মেসির সাথে এই আন্তর্জাতিক উইন্ডোতে বেনিনের বিপক্ষে বিশেষ ম্যাচে অবসরের ঘোষণা দেওয়া অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো দে পল এবং জিওভানি লো সেলসোকেও স্কোয়াডে রাখা হয়েছে। তবে সব আলো যে কেবলই ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবল জাদুকরের বিদায়ী মঞ্চকে ঘিরে থাকবে, তা বলাই বাহুল্য।





