ভিনিসিয়ুসের ঐতিহাসিক রেকর্ড ভাঙলেন ইয়ামাল

সংগৃহীত ছবি
আরেকটি রেকর্ড নিজের করে নিলেন বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল। লা লিগায় সবচেয়ে কম বয়সে ৫০টি অ্যাসিস্ট করার রেকর্ড গড়েছেন স্প্যানিশ এই ফরোয়ার্ড। ১৯ বছর ৬৮ দিন বয়সে মাইলফলকটি স্পর্শ করে রেকর্ডটি ভেঙেছেন তিনি। এটি অন্তত ২০১৩-১৪ মৌসুম থেকে লা লিগায় আর কোনো খেলোয়াড় করতে পারেননি।
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের প্রতিবেদন অনুযায়ী, সেভিয়ার বিপক্ষে বার্সেলোনার ৩-১ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইয়ামাল। সতীর্থ রাফিনিয়াকে দুটি অ্যাসিস্ট করেছেন তিনি। রাফিনিয়ার হ্যাটট্রিকে জয় নিয়ে মাঠ ছাড়ে হান্সি ফ্লিকের দল।
এই দুই অ্যাসিস্টের মাধ্যমে বার্সেলোনার মূল দলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫৯ ম্যাচে ইয়ামালের অ্যাসিস্ট দাঁড়িয়েছে ৫১টিতে। মাত্র ১৯ বছর ৬৮ দিন বয়সেই ৫০ অ্যাসিস্টের মাইলফলক পেরিয়ে নতুন রেকর্ড গড়েছেন তিনি। লা লিগায় অন্তত ২০১৩-১৪ মৌসুম থেকে এত কম বয়সে ৫০ অ্যাসিস্ট করার নজির আর কারও নেই।
এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়র। ২০২৩ সালের মে মাসে ২২ বছর ২৯৮ দিন বয়সে রিয়ালের জার্সিতে নিজের ৫০তম অ্যাসিস্ট করেছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ভিনিসিয়ুসের চেয়ে তিন বছর ২৩০ দিন কম বয়সে সেই মাইলফলকে পৌঁছেছেন ইয়ামাল।
বার্সেলোনার একাডেমি থেকে উঠে আসা ইয়ামালের পরিসংখ্যান তার ধারাবাহিকতার প্রমাণ দিচ্ছে। ১৫৯ ম্যাচে ৫১ অ্যাসিস্ট অর্থাৎ গড়ে প্রতি তিন ম্যাচে প্রায় একটি অ্যাসিস্ট করেছেন তিনি।
অল্প বয়সেই বার্সেলোনার আক্রমণভাগে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন এই পরিসংখ্যানেই তা স্পষ্ট। সেভিয়ার বিপক্ষেও সেটির প্রমাণ দিয়েছেন ইয়ামাল। রাফিনিয়া হ্যাটট্রিকে ম্যাচের আলো কেড়ে নিলেও বার্সেলোনার তিন গোলের দুটির পেছনে ছিল ইয়ামালের অ্যাসিস্ট। আর সেই ম্যাচেই ১৯ বছর বয়সে নতুন এক রেকর্ড গড়ে ফুটবল ইতিহাসের আরও একটি পাতায় নিজের নাম লিখিয়েছেন তিনি।



