বিশ্বকাপ
নিভৃতে দেশ ছাড়ল আর্জেন্টিনা

সংগৃহীত ছবি
দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ। শিরোপা ধরে রাখার মিশনে চূড়ান্ত স্কোয়াডও ঘোষণা করেছে আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বার সোনালি ট্রফি জয়ের আশায় যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিয়েছে লিওনেল স্কালোনির দল। ভোররাতে অনেকটা নিভৃতেই দেশ ছেড়েছে আকাশী নীল জার্সিরা।
ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা বিশ্বকাপ খেলতে যাচ্ছে, কিন্তু নেই কোন আয়োজন। বড় কোনো অনুষ্ঠান ছাড়াই জাতীয় দলকে বিদায় জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।
আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবলারদের বিমানযাত্রার ছবি পোস্ট করেছে। সেখানে দেখা যায়, হাসিমুখেই যাত্রা শুরু করেছেন দলের সদস্যরা।
স্থানীয় সময় রবিবার ভোররাতে বিশেষ বিমানে বুয়েন্স আয়ার্স থেকে যুক্তরাষ্ট্রের কানসাস সিটির উদ্দেশে রওনা হন আলভারেজ-পারেদেসরা। দলের বেশিরভাগ সদস্যই ছিলেন এই বিমানে।
যুক্তরাষ্ট্রের প্রাক বিশ্বকাপ ক্যাম্পে দলের সঙ্গে যোগ দেবেন মায়ামিতে অবস্থান করা লিওনেল মেসি ও রদ্রিগো ডি পল। ইংল্যান্ড থেকে সেখানে উড়ে যাবেন গোলকিপার এমি মার্তিনেস।
আগামীকাল সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হবে আর্জেন্টিনার ক্যাম্প। ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে মেসির দল।






