বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা!

যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচ খেলতে পারে আর্জেন্টিনা-পাকিস্তান। ছবি: সংগৃহীত
ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার আশ্বাস দিলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলেছিল আর্জেন্টিনা। লিওনেল মেসির দল এবার মাঠে নামতে পারে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচ আয়োজনে অনেকদূর এগিয়েছে আর্জেন্টিনা ও পাকিস্তান ফুটবল ফেডারেশন।
নিজেদের ফুটবল ইতিহাসে কখনো আর্জেন্টিনার বিপক্ষে খেলার সুযোগ হয়নি পাকিস্তানের। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামার জোর সম্ভাবনা জাগিয়ে তুলেছে পাকিস্তান ফুটবল ফেডারেশনের এক অনলাইন সভা।
দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে অনলাইনে আলোচনায় বসেছিলেন আর্জেন্টিনা ও পাকিস্তান ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। সেখানে পাকিস্তান ফুটবলের উন্নয়নে কোচ পাঠাতে রাজি হয়েছে আর্জেন্টিনা।
সভা শেষে আর্জেন্টিনায় অবস্থিত পাকিস্তানের দূতাবাসের ইন্সটাগ্রাম পোস্ট। ছবি: জিও নিউজ
দুই দেশের এমন বৈঠকের পর আর্জেন্টিনায় অবস্থিত পাকিস্তানের দূতাবাসের ইন্সটাগ্রাম পোস্টে জানানো হয়, পাকিস্তানের ফুটবল উন্নয়নে একসঙ্গে কাজ করবে আর্জেন্টিনা। আর এই সভায় হয়েছে আর্জেন্টিনা-পাকিস্তান প্রীতি ম্যাচের আলোচনাও।
জিও নিউজ জানিয়েছে, এ বছরই প্রথমবারের মতো মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও পাকিস্তান। বিশ্বকাপের পরে মাঠে গড়াতে পারে ম্যাচটি। আর্জেন্টিনা কিংবা পাকিস্তানে নয়, মেসিদের সঙ্গে পাকিস্তানের এই ম্যাচটি আয়োজন করতে পারে যুক্তরাষ্ট্র।
কেরালায় আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ আয়োজনে বড় অঙ্কের বিনিয়োগ করে শেষ মুহূর্তে বিপাকে পড়েছিল ভারত। আর্জেন্টিনা ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানোয় তাদের বিরুদ্ধে ‘ধোঁকাবাজির’ অভিযোগও আনা হয়েছিল।
মেসির বিপক্ষে ম্যাচ খেলতে চেয়েও আয়োজনে ব্যর্থ হয়েছে ভারত, সেই মেসিকে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামাতেই উঠেপড়ে লেগেছে দেশটির ফুটবল ফেডারেশন।
তবে শেষ পর্যন্ত মেসিকে এই ম্যাচকে পাওয়া যাবে কিনা, সেটাই বড় প্রশ্ন। কেননা বিশ্বকাপ শেষে জাতীয় দল থেকে অবসর নেওয়ার জোর সম্ভাবনা রয়েছে মেসির।
মেসি না থাকলেও পাকিস্তান যদি আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতে পারে, সেটা ভারতের বিপক্ষে বড় একটা কূটনৈতিক জয় হবে তাদের।


