কানের আঁ সাঁর্তে রিগা বিভাগে বিচারকদের প্রধান এই মুসলিম অভিনেত্রী

লেইলা বেখতি (ছবি: কান উৎসবের অফিসিয়াল ওয়েবসাইট)
কান চলচ্চিত্র উৎসবের আঁ সাঁর্তে রিগা বিভাগের প্রধান বিচারক হলেন আলজেরিয়ান বংশোদ্ভূত ফরাসি মুসলিম অভিনেত্রী লেইলা বেখতি। এবারই প্রথম এই দায়িত্বে পাওয়া যাবে তাকে। শুক্রবার (১৭ এপ্রিল) আয়োজকরা আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেছেন।
নিজের অনুভূতিতে ৪২ বছর বয়সী এই তারকা বলেন, ‘জুরি সভাপতি হিসেবে প্রথমবার দায়িত্ব পালনের সময় সিনেমা দেখা, সুর শোনা, মতবিনিময় ও উদযাপন করার দারুণ সুযোগ পাচ্ছি। চলচ্চিত্রে কাজ করতে গিয়ে আমি শিখেছি– সিনেমা হলো অন্যের সঙ্গে, নিজের সঙ্গে এবং এই পৃথিবীর সঙ্গে একাত্ম হওয়ার একটি মাধ্যম। বিচারকমণ্ডলীর সঙ্গে বসে এগুলো আবিষ্কার করা ও এই চিরন্তন অভিজ্ঞতাকে যাপন করা আমার জন্য একইসঙ্গে একটি দায়িত্ব ও আনন্দ। আমি দৃষ্টিভঙ্গির আদান-প্রদান, আলোচনা ও সেইসঙ্গে মতপার্থক্যের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। এসবের মাধ্যমে এই জীবন্ত শিল্প সমৃদ্ধ হয়ে ওঠে। সবশেষে বলবো, আমি থাকবো সবচেয়ে মূল্যবান আসনে, সেটি হলো দর্শকের আসন।’
কান উৎসবে গ্রাঁ প্রিঁ জয়ী ফ্রান্সের জ্যাক অঁদিয়ার পরিচালিত ‘অ্যা প্রফেট’ (২০০৯) ছবিতে অভিনয়ের সুবাদে লেইলা বেখতি প্রথম নজরে আসেন। অল্প সময়ে নিজেকে সুঅভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি। ২০০৬ সালে কানের আঁ সাঁর্তে রিগা বিভাগে নির্বাচিত “প্যারিস জ্যঁতে’ম”-এ ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ পরিচালক গুরিন্দর চাধা পরিচালিত পর্বে অভিনয় করেন লেইলা। কান উৎসবে নির্বাচিত তার অন্যান্য ছবির তালিকায় আছে রাদু মিহাইলেয়ানুর ‘দ্য সোর্স’ (২০১১, মূল প্রতিযোগিতা), জিল লেলুশের ‘সিঙ্ক অর সুইম’ (২০১৮, প্রতিযোগিতার বাইরে) ও জোয়াকিম লাফোসের ‘দ্য রেস্টলেস’ (২০২১, মূল প্রতিযোগিতা)।
আঁ সাঁর্তে রিগা বিভাগে লেইলা বেখতির নেতৃত্বে বিচারকমণ্ডলীতে থাকছেন সেনেগালের প্রযোজক অ্যাঞ্জেলে দিয়াবাং, ইতালিয়ান পরিচালক লাউরা সামানি, ফরাসি পরিচালক টমা কাইয়ে ও লেবানিজ সুরকার খালেদ মুজানার। তারা আঁ সাঁর্তে রিগা বিভাগের বিজয়ীদের নির্বাচন করবেন।
বিশ্বের বিভিন্ন প্রান্তের নবীন, স্বনামধন্য ও নতুন ধারার নির্মাতাদের কাজকে উদযাপন করা হয় আঁ সাঁর্তে রিগা বিভাগে। এবারের উদ্বোধনী চলচ্চিত্র নির্বাচিত হয়েছে যুক্তরাষ্ট্রের জেন শোনব্রান পরিচালিত ‘টিনেজ সেক্স অ্যান্ড ডেথ অ্যাট ক্যাম্প মিয়াজমা’। এতে অভিনয় করেছেন জিলিয়ান অ্যান্ডারসন ও হানা আইনবিন্ডার।
ফ্রান্সের দক্ষিণে ভূমধ্যসাগরের তীরে আগামী ১২ মে পর্দা উঠবে ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের। আঁ সাঁর্তে রিগা বিভাগে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে ২২ মে। এর পরদিন মূল আসরের সমাপনী।




