নকআউট নিশ্চিত ২৪ দেশের, অপেক্ষায় আছে কারা

৪৮ দলের ঐতিহাসিক বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষের দিকে। এরই মধ্যে শেষ ৩২ নিশ্চিত করেছে বেশ কয়েকটি দল। গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে অনেকেই। অনেকে অপেক্ষায় আছে নকআউট নিশ্চিত করার।
নকআউট পর্ব নিশ্চিতে গত দুদিনে দেখা গেছে রোমাঞ্চকর কিছু লড়াই। ‘ই’ গ্রুপে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে বিদায়ের দ্বারপ্রান্তে থাকা ইকুয়েডর পৌঁছে গেছে শেষ ৩২-এ। জার্মানদের ২-১ গোলে হারিয়ে নকআউটে পা রেখেছে লাতিন আমেরিকার দেশটি।
রোমাঞ্চ ছড়িয়েছে এইচ গ্রুপেও। চার দলেরই যাওয়ার সম্ভাবনা ছিল পরের রাউন্ডে। উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে পা রেখেছে স্পেন। টানা দ্বিতীয়বারের মতো গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে।
অন্যদিকে, সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে ইতিহাস গড়েছে নবাগত কেপ ভার্দে। তিন ম্যাচে তিন ড্রয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে প্রথম আসরেই নকআউট পর্বে খেলবে তারা। পরের রাউন্ডে তাদের প্রতিপক্ষ লিওনেল মেসির আর্জেন্টিনা।
নকআউটে উঠেছে যারা
গ্রুপ এ– মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা
গ্রুপ বি– সুইজারল্যান্ড, কানাডা, বসনিয়া-হার্জেগোভিনা (তৃতীয়)
গ্রুপ সি– ব্রাজিল, মরক্কো
গ্রুপ ডি– যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে (তৃতীয়)
গ্রুপ ই– জার্মানি, আইভরি কোস্ট, ইকুয়েডর (তৃতীয়)
গ্রুপ এফ– নেদারল্যান্ডস, জাপান, সুইডেন (তৃতীয়)
গ্রুপ জি– বেলজিয়াম, মিসর
গ্রুপ এইচ– স্পেন, কেপ ভার্দে
গ্রুপ আই– ফ্রান্স, নরওয়ে, সেনেগাল (তৃতীয়)
গ্রুপ জে– আর্জেন্টিনা
এখনো নকআউটের দৌড়ে আছে যারা
ইংল্যান্ড, কলম্বিয়া, ঘানা, পর্তুগাল, ইরান, ক্রোয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, আলজেরিয়া, স্কটল্যান্ড, ডিআর কঙ্গো, অস্ট্রিয়া ও উজবেকিস্তান
যাদের বিদায় নিশ্চিত
চেক প্রজাতন্ত্র, কাতার, হাইতি, তুরস্ক, কুরাসাও, তিউনিসিয়া, নিউজিল্যান্ড, উরুগুয়ে, সৌদি আরব, ইরাক, জর্ডান, পানামা




