স্পেনকে আর্জেন্টিনার হার স্মরণ করালেন সৌদি কোচ

সংগৃহীত ছবি
আগের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই আর্জেন্টিনাকে ধরাশায়ী করে অঘটনের জন্ম দিয়েছিল তারা। আজ ২০১০ আসরের চ্যাম্পিয়ন স্পেন মুখোমুখি সেই সৌদি আরবের। ম্যাচের আগে সৌদি কোচ জর্জিওস দোনিস স্পেনকে মনে করিয়ে দিচ্ছেন আর্জেন্টিনার পরিণতির কথা।
২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখিয়েছিল সৌদি। এবার তারা স্পেনকেও ছেড়ে কথা বলবে না, ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এই বার্তাই দিলেন দোনিস, ‘ফুটবলে অলৌকিক ঘটনা দেখা ভালো, আমরা এটি অনেকবার দেখেছি। বিশ্বকাপে দেখেছি, অন্যান্য টুর্নামেন্টেও দেখেছি, ফেবারিট দল আন্ডারডগদের কাছে হেরে গেছে। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের মতো দারুণ স্মৃতি থাকা খুবই ভালো। আমরা বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। এমন টুর্নামেন্টে এই ধরনের বড় দলের বিপক্ষে খেলার আনন্দ উপভোগ করা গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষকে সম্মান করতে হবে, তবে প্রয়োজনের চেয়ে বেশি নয়।’
সৌদি কোচ আশা করছেন, আগের আসরে আর্জেন্টিনাকে হারানোর সেই স্মৃতি আটলান্টায় স্পেনের বিপক্ষেও দলকে উজ্জীবিত করবে।
স্পেনের সবচেয়ে বড় তারকা ইয়ামাল আগের ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে অল্প কিছু সময় মাঠে নেমেছিলেন। দোনিস জানিয়েছেন, ইয়ামাল ছাড়া স্পেনের ধার অনেকটাই কমে যায়, ‘ইয়ামাল বেঞ্চে থাকলে স্পেন আগের মতো থাকে না। আমার মতে, এই মুহূর্তে ইয়ামালই বিশ্বের সবচেয়ে বড় প্রতিভা। বার্সেলোনায় সে মেসির জায়গা নেওয়া শুরু করেছে। এমন মানসম্পন্ন এবং পরিণত খেলা খেলতে পারে, এমন খেলোয়াড় আমি দেখিনি।’




