মেসির সামনে ৩ রেকর্ডের হাতছানি

সংগৃহীত ছবি
এই বিশ্বকাপ যেন লিওনেল মেসির রেকর্ডময়। রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামা মেসি আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই ছুঁয়েছেন বেশ কিছু মাইলফলক। অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টাইন অধিনায়ককে হাতছানি দিচ্ছে আরও তিনটি রেকর্ড।
আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে যৌথভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা নিজের করে নিয়েছেন মেসি। তিনি ছুঁয়েছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে। ১৬ গোল করা মেসি আর একটি গোল পেলেই ছাড়িয়ে যাবেন ক্লোসাকে। অস্ট্রিয়ার বিপক্ষেই হতে পারে সেই রেকর্ড।
ক্লোসার আরেকটি রেকর্ড ভাঙার অপেক্ষায় মেসি। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচে (১৬টি) জয়ের স্বাদ পাওয়া ফুটবলার ক্লোসা। আলজেরিয়া ম্যাচের জয়ে জার্মান স্ট্রাইকারের পাশে বসেছেন মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জিতলে, রেকর্ডটিও একার হয়ে যাবে তার।
মেসিকে হাতছানি দিচ্ছে আরেকটি অনন্য রেকর্ড। বিশ্বকাপের ইতিহাসে বক্সের বাইরে থেকে সর্বোচ্চ পাঁচ গোল করার কীর্তি এখন ব্রাজিলের রিভেলিনোর ও মেসির।
‘দি অ্যাটোমিক কিক’ খ্যাত রিভেলিনো ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপে চেকোস্লোভাকিয়া ও উরুগুয়ের বিপক্ষে দূরপাল্লার শটে গোল করেছিলেন। চার বছর পর, ১৯৭৪ সালের জার্মানি বিশ্বকাপে জায়ার, পূর্ব জার্মানি ও আর্জেন্টিনার বিপক্ষেও বক্সের বাইরে থেকে গোল করেন তিনি।
এই রেকর্ডের পথে মেসির যাত্রা শুরু ২০১৪ সালে। সেই আসরে বসনিয়া ও হার্জেগোভিনা, ইরান ও নাইজেরিয়া- এই তিন দলের বিপক্ষে গোল করেছিলেন বক্সের বাইরে থেকে। ২০২২ বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষেও বক্সের বাইরে থেকে গোল করেন তিনি।
এবারের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে বক্সের বাইরে থেকে একটি করে রিভেলিনোর রেকর্ড স্পর্শ করেন মেসি। অস্ট্রিয়া ম্যাচে এই অনন্য রেকর্ডটিও নিজের করে নিতেন পারেন আর্জেন্টাইন অধিনায়ক।




