কোচ বুবিস্তার বার্তা
আর্জেন্টিনাকেও হারিয়ে দিতে পারে কেপ ভার্দে

সংগৃহীত ছবি
প্রথমবার বিশ্বকাপের মঞ্চে এসেই ইতিহাস গড়ল তারা। মাত্র সাড়ে পাঁচ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে সবাইকে চমকে দিয়েই পা রাখল নকআউট পর্বে। সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে শেষ ৩২ নিশ্চিত করার দলটি পরের রাউন্ডে খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে। কেপ ভার্দে কোচ বুবিস্তা বলছেন, আর্জেন্টিনাকেও হারিয়ে দিতে পারে তার দল।
গ্রুপ পর্বে অপরাজিত থেকে রানার্স-আপ হয়েছে কেপ ভার্দে। স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, তিন দেশের বিপক্ষে দারুণ লড়াই করে প্রথম আসরেই নকআউটে পা রেখেছে তারা। রাউন্ড অব ৩২ এ তারা খেলবে আর্জেন্টিনার বিপক্ষে।
কাগজে কলমে আর্জেন্টিনার চেয়ে যোজন যোজন পিছিয়ে থাকলেও বুবিস্তা মাঠে নামার আগেই হাল ছাড়ছেন না, ‘আমাদের কাছে কোনো কিছুই অসম্ভব নয়। এই দল যা করে দেখিয়েছে, তার জন্য কেপ ভার্দের মানুষ গর্ব করতে পারে। আমরা নিজেরাও গর্বিত। আর্জেন্টিনার মতো দলের বিপক্ষে খেলতে পারাটাই আমাদের জন্য অনেক বড় গর্বের ব্যাপার।’
কেপ ভার্দের সামনে এবার লিওনেল মেসির আর্জেন্টিনা। বুবিস্তা অবশ্য ম্যাচের ফল নিয়ে এখনই ভাবছেন না, ‘শুরু থেকেই আমাদের অন্যতম লক্ষ্য ছিল নিজেদের দেশকে পুরো বিশ্বের সামনে তুলে ধরা। এই পর্যায়ে এসে আর্জেন্টিনা ও মেসির বিপক্ষে খেলতে পারাটা আমাদের দেশের জন্য দারুণ এক ব্যাপার। ম্যাচের ফল যাই হোক না কেন।’
বুবিস্তা মনে করেন, তাদের এ সাফল্য বিশ্বের বাকি তথাকথিত ‘ছোট’ দলগুলোর জন্য এক দারুণ অনুপ্রেরণা, ‘অবশ্যই আমরা আমাদের দেশের প্রতিনিধিত্ব করছি। তবে একই সঙ্গে আমরা আফ্রিকারও প্রতিনিধি। এর বাইরে, আমরা বিশ্বের সব ছোট দেশের প্রতিনিধিত্ব করছি। এটাই আমাদের মিশন। আমরা একটা উদাহরণ তৈরি করেছি। যদি আপনি মনোযোগ আর দৃঢ়তা নিয়ে কাজ করেন, তবে আজ হোক বা কাল, লক্ষ্যে পৌঁছাবেনই।’




