মালিকানা পেয়েই দলের জয় দেখলেন মেসি

সংগৃহীত ছবি
মাত্র একদিন আগেই ক্লাবটির মালিকানা কিনেছিলেন তিনি। লিওনেল মেসির মালিকানায় আসার পরেই দুর্দান্ত এক জয় দিয়ে নতুন অধ্যায় শুরু করল স্প্যানিশ ক্লাব এলদেনসে। পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে রিয়াল ওভিয়েদোকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে স্পেনের দ্বিতীয় স্তরের ক্লাবটি।
বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এলদেনসের মালিকানা পেয়েছেন মেসি। শুক্রবার রাতে লা লিগা হাইপারমোশনের ম্যাচে মাঠে নেমেছিল তারা।
মেসির মালিকানায় এলদেনসের নতুন যাত্রার শুরুটা অবশ্য কিছুটা ধাক্কা দিয়েই হয়েছিল। ম্যাচের দ্বিতীয় মিনিটে আলবার্তো রেইনার গোলে এগিয়ে যায় সফরকারী ওভিয়েদো। প্রথমার্ধ ১-০ গোলে পিছিয়ে থেকেই শেষ করে এলদেনসে।
তবে বিরতির পর পুরো ম্যাচের চিত্রই বদলে দেয় স্বাগতিকরা। ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান রবার্তো লোপেস। এর ১২ মিনিট পর পাওয়া আরেকটি পেনাল্টি থেকে ফিদেল লক্ষ্যভেদ করলে লিড নেয় মেসির ক্লাব।
ম্যাচের শেষ দিকে প্রতিপক্ষের রক্ষণ পুরোপুরি ভেঙ্গে দেয় তারা। ৯০ মিনিটে আইমার ওলাবারিয়েতা ব্যবধান ৩-১ করেন এবং যোগ করা সময়ের পঞ্চম মিনিটে জাভি রাসত্রোহোর গোলে ৪-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয়।
যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও নিজের নতুন দলের পারফরম্যান্স নজর এড়ায়নি মেসির। ম্যাচ চলাকালে খেলা দেখার একটি ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেন আর্জেন্টাইন তারকা।
১৯২১ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি বর্তমানে স্পেনের পেশাদার লিগের দ্বিতীয় ধাপে প্রতিদ্বন্দ্বিতা করছে।
স্পেনে মেসির ক্লাবের মালিক হওয়ার ঘটনা এটিই প্রথম নয়। চলতি বছরের এপ্রিলে কাতালান ক্লাব ইউই কর্নেলিয়ার মালিকানা নিয়েছিলেন এই ফুটবল তারকা। তবে এলদেনসের মাধ্যমে স্পেনের পেশাদার ফুটবলে প্রথমবারের মতো কোনো দলের মালিক হলেন মেসি।




