বাংলাদেশে আসছেন ফিফা সভাপতি!

ফাইল ছবি
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আসতে পারেন বাংলাদেশে। হঠাৎ করেই বাংলাদেশে পা রাখার সম্ভাবনা তৈরি হয়েছে তার। আগামীকাল (রবিবার) ভুটানের রাজধানী থিম্পু যাওয়ার পথে ট্রানজিট হিসেবে তিনি বাংলাদেশের মাটি ছুঁয়ে যেতে পারেন।
এমন সম্ভাবনা সামনে রেখে সব ধরনের প্রস্তুতি সেরে রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
থিম্পুতে সব রুটের সরাসরি ফ্লাইটের সুবিধা না থাকায় যাত্রাপথে ট্রানজিট নিতে হবে ইনফান্তিনোকে। এই ট্রানজিট হতে পারে ঢাকা, নীলফামারীর সৈয়দপুর কিংবা ভারতের কোনো বিমানবন্দর। তিনি ঠিক কোথায় যাত্রাবিরতি নেবেন, বাফুফে এখনো সেটা শতভাগ নিশ্চিত নয়।
তবে ইনফান্তিনো বাংলাদেশে ট্রানজিট নিলে, তার ইমিগ্রেশন ও অন্যান্য আনুষঙ্গিক আনুষ্ঠানিকতা যেন ঝামেলাহীন ও দ্রুত হয়, এজন্য আজ বিকালেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছুটে গিয়েছিলেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। ইনফান্তিনো বিমানবন্দরে ভিআইপি জোনে ট্রানজিটে থাকলে, বাফুফে সভাপতি ও শীর্ষ কর্তারা দেখা করবেন তার সঙ্গে।
দুই সপ্তাহ আগেই ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপের ফাঁকে ইনফান্তিনোর সঙ্গে দেখা হয়েছিল বাফুফের সভাপতি তাবিথ আউয়াল এবং নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজের।
সেই উষ্ণ সাক্ষাতের রেশ কাটতে না কাটতেই এবার বাংলাদেশে অল্প সময়ের জন্য হলেও আসার সম্ভাবনা তৈরি হলো তার।



