মেসিকে কল্পনার চেয়েও বেশি মিস করবেন রোমেরো

সংগৃহীত ছবি
আর মাত্র একটি ম্যাচ। আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামতে যাচ্ছেন লিওনেল মেসি। মেসির বিদায়ী ম্যাচের আগে দলের বর্তমান অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরো জানালেন, মেসিকে কল্পনার চেয়েও বেশি মিস করবেন তিনি।
দীর্ঘদিন পর মেসিকে ছাড়াই মাঠে নেমেছিল আর্জেন্টিনা। মেসির পরিবর্তে অধিনায়কের আর্ম ব্যান্ড উঠেছিল রোমেরোর হাতে।
টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে রোমেরো জানান, মাত্র এক ম্যাচেই মেসিকে মিস করতে শুরু করেছেন তিনি, ‘সত্যি বলতে, এই ফিফা ব্রেকে এরই মধ্যে আমরা তাকে মিস করছি। অবশ্যই এটা কখনো না কখনো হওয়ারই ছিল, কিন্তু আমি কখনোই ভাবিনি তার অনুপস্থিতি এতটা ধাক্কা দেবে। তবে সে সবসময়ই নেতৃত্ব দিয়েছে। কিন্তু কখনোই নিজেকে কারো চেয়ে বড় করে দেখায়নি। ইংল্যান্ডকে হারানোর পর সেই ভিডিওটা দেখলে আমি সবসময়ই আবেগপ্রবণ হয়ে পড়। যেখানে সবাই তার জন্য উল্লাস করছে আর সে আঙুল দিয়ে দলের দিকে নির্দেশ করছে। এই ধরণের কাজগুলোই সে সবসময় আমাদের জন্য করেছে, আর সেই কারণেই আমার কাছে সে সর্বকালের সেরা ফুটবলার, এবং সবকিছুর উপরে একজন চমৎকার মানুষ।‘
বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনা জাতীয় দলের নতুন অধিনায়ক হিসেবে প্রথমবার দায়িত্ব পালন করা রোমেরো বলছেন, ‘জাতীয় দলের অধিনায়ক হিসেবে মেসিই আমাকে বেছে নিয়েছে, যা আমার জন্য এক বিশাল দায়িত্ব। তবে কোচের পাশাপাশি সে নিজে যে এই সিদ্ধান্ত নিয়েছে, তা সত্যি অসাধারণ এক অনুভূতি। গত ছয়-সাত বছর ধরে একসাথে পথচলায় তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি।"
মেসির অভাব কখনোই মিটবে না বলেই জানান রোমেরো, ‘আমি সত্যিই তাকে খুব ভালোবাসতাম, আর তারপর জাতীয় দলে যোগ দিয়ে তার সাথে মুহূর্তগুলো ভাগ করে নেওয়ার সৌভাগ্য হয়েছে। ফুটবলের কারণে আমাদের মধ্যে খুব সুন্দর একটি বন্ধুত্ব তৈরি হয়েছিল। আমার ভালোবাসা প্রকাশ হয়তো একটু আনাড়ি ছিল। তবে তাকে আমি বলেছি যে তার প্রতি আমার মনে সবসময় যে ভালোবাসা ছিল, তা পুরোপুরি প্রকাশ না করতে পারার আক্ষেপ আমার আজীবন থেকে যাবে। মানুষ যতটা ভাবছে, তাকে তার চেয়েও অনেক বেশি মিস করা হবে। ধন্যবাদ, অধিনায়ক।‘



