বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল যুক্তরাষ্ট্র

সংগৃহীত ছবি
মৌসুম জুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে এবারের বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাওয়ার জোর সম্ভাবনা ছিল তার। স্বাগতিক যুক্তরাষ্ট্রও চাইছিল, বিশ্বকাপজয়ী জার্মান কিংবদন্তি ইয়ুর্গেন ক্লিন্সম্যানের ছেলে জোনাথন ক্লিন্সম্যান যেন গোলপোস্ট সামলান। তবে শুরুর আগেই হয়তো শেষ হয়ে গেল জোনাথনের বিশ্বকাপ। ঘাড়ের ইনজুরিতে শেষ হয়ে গেছে তার মৌসুম, বিশ্বকাপে খেলাও এখন অনিশ্চিত।
ইতালিয়ান সিরি ‘বি’তে চেজেনার হয়ে খেলেন জোনাথন। এই মৌসুমে গোলপোস্টের সামনে অতন্দ্রপ্রহরী হয়েছিলেন ২৯ বছর বয়সী এই কিপার। ধারণা করা হচ্ছিল, জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মূল স্কোয়াডে তিনি থাকবেন। তবে সব স্বপ্ন এখন শেষ হওয়ার দ্বারপ্রান্তে। লিগের ম্যাচে পালের্মোর এক খেলোয়াড়ের সঙ্গে তার সংঘর্ষ হয়। এরপর স্ট্রেচারে করে ছাড়তে হয় মাঠ। গলায় পরাতে হয় ‘নেক ব্রেস’।
জোনাথনকে মাঠ থেকে দ্রুত সিসিলি অঞ্চলের রাজধানী পালের্মোর একটি হাসপাতালে ভর্তি করা হয়। এক বিবৃতিতে চেজেনা ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, প্রাথমিক পরীক্ষায় জোনাথনের ঘাড়ের অ্যাটলাস ফেটে গেছে। তার মাথার পেছনেও ক্ষত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য শিগগিরই একজন বিশেষজ্ঞ নিউরোসার্জনের তত্ত্বাবধানে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে জোনাথন নিজেই জানিয়েছেন, এই মৌসুমে তার আর মাঠে নামা হচ্ছে না। কঠিন সময়ে পাশে থাকার জন্য চেজেনা ও পালের্মোর সমর্থকদের পাশাপাশি বন্ধু ও পরিবারকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। জোনাথন ঠিক কবে সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বিশ্বকাপের আগে তার সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই।
যুক্তরাষ্ট্রের বয়সভিত্তিক দলের প্রতিনিধিত্ব করা জোনাথন এমএলএস ক্লাব লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির হয়ে কিছুদিন খেলেছেন। দুই বছর আগে উত্তর ইতালির ক্লাব চেজেনায় যোগ দেওয়ার পর এ পর্যন্ত ক্লাবটির হয়ে খেলেছেন ৫০টির বেশি ম্যাচ। বাবা জার্মান হলেও মা যুক্তরাষ্ট্রের হওয়ায় জোনাথন মায়ের দেশকেই বেছে নিয়েছেন।

