ব্রাজিল-ভারত প্রীতি ম্যাচ
প্রথমার্থে লড়াই করেও জোড়া গোল হজম ভারতের

সংগৃহীত ছবি
কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ঐতিহাসিক ম্যাচে প্রথমার্ধ শেষে ভারতকে ২-০ গোলে পিছিয়ে রেখেছে ব্রাজিল। স্কোরলাইনে ব্যবধানটা দুই গোলের হলেও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথম ৪৫ মিনিটে বেশ লড়াই করেছে স্বাগতিক ভারত।
শুরু থেকেই বলের নিয়ন্ত্রণে এগিয়ে ছিল ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়র, এস্তেভাও ও পেদ্রোকে সামনে রেখে একের পর এক আক্রমণ গড়ে তুলেছে কার্লো আনচেলত্তির দল। তবে ভারতের রক্ষণও শুরুতে বেশ গোছানো ছিল। গুরপ্রীত সিং সান্ধুর নেতৃত্বে ভারতীয়রা ব্রাজিলের আক্রমণ ঠেকিয়ে পাল্টা আক্রমণে ওঠার চেষ্টা করেছে।
ম্যাচের ২৮ মিনিটে অবশ্য আর ঠেকানো যায়নি ব্রাজিলকে। মাতেউজিনিওর অ্যাসিস্টে গোল করে দলকে এগিয়ে দেন এস্তেভাও। ভারত তখনও ম্যাচে ফেরার চেষ্টা করছিল।
বিরতির ঠিক আগে আবারও গোল হজম করে ভারত। ৪২ মিনিটে এস্তেভাওয়ের পাস থেকে পেদ্রো বল জালে পাঠিয়ে ব্রাজিলের ব্যবধান দ্বিগুণ করেন। ফলে ২-০ ব্যবধানেই বিরতিতে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
প্রথমার্ধে ব্রাজিলের দাপট ছিল পরিসংখ্যানেও। বলের দখল ছিল তাদের ৬২ শতাংশ, ভারতের ৩৮ শতাংশ। ব্রাজিল গোলমুখে ১১টি শট নেয়, যার চারটি ছিল লক্ষ্যে। ভারতের শট ছিল দুটি। তবে এখনো লক্ষ্যে কোনো শট রাখতে পারেনি তারা।
তবে ভারতের লড়াইয়ের মানসিকতা আলাদা করে চোখে পড়েছে। র্যাঙ্কিংয়ে ১৩৮ নম্বরে থাকা ভারত মুখোমুখি হয়েছে বিশ্বের ছয় নম্বর দল ব্রাজিলের। সিনিয়র পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে দুই দলের এটিই প্রথম সাক্ষাৎ। এত বড় প্রতিপক্ষের বিপক্ষে প্রথমার্ধে ভারত পুরোপুরি গুটিয়ে না গিয়ে সুযোগ পেলেই আক্রমণে যাওয়ার চেষ্টা করেছে।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে ভারত। অন্যদিকে দুই গোলের লিড আরও বাড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে রাখাই হবে আনচেলত্তির দলের লক্ষ্য।



