ফিফা র্যাঙ্কিং
প্রথম আরব দেশ হিসেবে সেরা পাঁচে মরক্কো

সংগৃহীত ছবি
ফিফা র্যাঙ্কিংয়ে ইতিহাস গড়েছে মরক্কো। বুধবার প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে আফ্রিকার দেশটি। এর মধ্য দিয়ে বিশ্ব ফুটবলের র্যাংকিংয়ে প্রথমবারের মতো সেরা পাঁচে জায়গা করে নিল কোনো আরব দেশ। আফ্রিকার দেশগুলোর মধ্যে এই কৃতিত্ব দ্বিতীয়বারের মতো দেখাল মরক্কো। এর আগে ১৯৯৪ সালের এপ্রিলে পঞ্চম স্থানে উঠেছিল নাইজেরিয়া।
সর্বশেষ আফ্রিকান কাপ অব নেশন্সের বাছাইপর্বে নাইজারকে ১-০ গোলে হারিয়ে র্যাঙ্কিংয়ে এগিয়েছে মরক্কো। ২০২২ কাতার বিশ্বকাপে সেমিফাইনালে খেলে ইতিহাস গড়া দলটি সাম্প্রতিক বছরগুলোতে নিজেদের শক্তির প্রমাণ দিয়ে আসছে।
এদিকে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। যদিও ইংল্যান্ডের কাছে ৩-২ গোলে হেরে রেটিং পয়েন্ট হারিয়েছে তারা। ২০০৪.৪৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে স্প্যানিশরা। দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ১৯৬৬.১৩। কোস্টারিকাকে ৭-০ গোলে হারানোর পর স্পেনের সঙ্গে ব্যবধান কমিয়েছে আলবিসেলেস্তেরা।
তৃতীয় স্থানে ফ্রান্স (১৯৫০.৮২)। স্পেনকে হারিয়ে একধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ইংল্যান্ড (১৯৩৮.৯০)। পঞ্চম মরক্কোর পরের অবস্থানগুলোতে রয়েছে পর্তুগাল, ব্রাজিল, বেলজিয়াম ও নেদারল্যান্ডস। দশম স্থানে জায়গা পেয়েছে কলম্বিয়া।
আরব দেশগুলোর মধ্যে মরক্কোর পর দ্বিতীয় স্থানে মিসর। তবে একধাপ পিছিয়ে ২৬ নম্বরে নেমে গেছে তারা। আলজেরিয়া ২৮তম ও সৌদি আরব ৫৪তম স্থানে রয়েছে। এ ছাড়া তিউনিসিয়া ৫৯, কাতার ৬০, ইরাক ৬৩, সংযুক্ত আরব আমিরাত ৬৭ ও জর্ডান রয়েছে ৭২তম স্থানে।



