আনচেলত্তির হাত ধরে ‘হেক্সা’র স্বপ্ন কাফুর

ব্রাজিল নিয়ে স্বপ্ন দেখছেন কাফু। ছবি: সংগৃহীত
২০২২ সালে ব্রাজিলের সবশেষ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক কাফু। ১৯৯৪ শিরোপাজয়ী দলের সদস্যও ছিলেন তিনি। বিশ্বকাপ কীভাবে জিততে হয়, সেটা তার ভালোই জানা। তবে বাস্তবতা হচ্ছে টানা দুই যুগ আর বিশ্বকাপ জেতা হয়নি ব্রাজিলের। পূরণ হয়নি ‘হেক্সা’ বা ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার স্বপ্ন। তবে এবারের বিশ্বকাপ শুরুর আগে কাফু জানালেন, ব্রাজিলের ‘হেক্সা'র স্বপ্নপূরণের এটাই সঠিক সময়।
২০২২ সালের পর দীর্ঘ ২৪ বছর বিশ্বকাপের ফাইনালেই উঠতে পারেনি ব্রাজিল। সেরা সাফল্য একবার সেমিফাইনাল খেলা। ২০১৪ বিশ্বকাপের সেই সেমিতে জার্মানির কাছে ৭-১ গোলের লজ্জা পেয়ে বিদায় নিয়েছিলেন নেইমাররা।
এবার কি ‘মিশন হেক্সা’ পূরণ হবে? ‘লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে ব্রাজিলের শিরোপা জেতা নিয়ে আশাবাদই জানালেন কাফু, ’২৪ বছর আমরা বিশ্বকাপ পাইনি। এটা শিরোপা জেতার সঠিক সময়।’
রিয়াল মাদ্রিদকে সাফল্য এনে দেওয়া কার্লো আনচেলত্তির অধীনে বিশ্বকাপে যাচ্ছে সেলেসাওরা। প্রথা ভেঙে এবারই প্রথম বিদেশি কোচের অধীনে বিশ্বকাপে যাচ্ছে টুর্নামেন্টের ইতিহাসের সফলতম দলটি।
কাফুও ভরসা রাখছেন আনচেলত্তির ওপর, ‘আমরা আনচেলত্তির মতো সফল কোচকে পেয়েছি। এটা ব্রাজিল দলের জন্য বড় একটা পাওয়া।’
নিজে দীর্ঘদিন সামলেছেন ব্রাজিলের রক্ষণভাগ। রবার্তো কার্লোসদের নিয়ে গড়ে ওঠা সেই ব্রাজিলিয়ান রক্ষণভাগ ভাঙতে হিমশিম খেত প্রতিপক্ষ। কাফুর বিশ্বাস, গোল হজম না করলে শিরোপা জেতার সম্ভাবনা অনেকটা উজ্জ্বল হবে ব্রাজিলের, ’ব্রাজিল যদি বিশ্বকাপে গোল হজম না করে, তারা নিশ্চিতভাবে গোল পাবে, ম্যাচও জিতবে। শিরোপা জেতার সম্ভাবনাও বেড়ে যাবে।’

