১১ বছর পর পেশাদার ফুটবলে ফিরছেন রোনালদিনহো

সংগৃহীত ছবি
ফুটবল মাঠে আবারও জাদু দেখাতে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। সাবেক বার্সেলোনা ও এসি মিলান তারকাকে ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। ১১ বছর পর পেশাদার ফুটবলে ফিরতে যাচ্ছেন ২০০৫ সালের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নার হয়ে আগামী ১৫ নভেম্বর মাঠে নামার কথা রয়েছে ৪৬ বছর বয়সী এই কিংবদন্তির।
সেদিন স্থানীয় প্রতিদ্বন্দ্বী ফোরলির মুখোমুখি হবে রাভেন্না। ম্যাচটি দিয়ে ২০১৫ সালে ফ্লুমিনেন্স ছাড়ার পর প্রথমবারের মতো কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে খেলতে দেখা যেতে পারে রোনালদিনহোকে।
গত জুনে সবাইকে চমকে দিয়ে রোনালদিনহোকে দলে ভেড়ানোর ঘোষণা দেয় রাভেন্না। তবে এখনো ক্লাবটির হয়ে মাঠে নামেননি তিনি। গত আগস্টে মারিনা দি রাভেন্নার সমুদ্রসৈকতে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে স্বাগত জানানো হয়।
রোনালদিনহোর মাঠে ফেরার তারিখ নিশ্চিত করে উচ্ছ্বাস প্রকাশ করেছে রাভেন্না। ক্লাবটির বিবৃতিতে বলা হয়েছে, এই ম্যাচের মাধ্যমে বিশ্ব ফুটবলের নজর পড়বে স্তাদিও ব্রুনো বেনেল্লিতে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘ফুটবল বিশ্ব ভেবেছিল এটি সত্যি হওয়ার মতো ঘটনা নয়। কিন্তু এখন আমরা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করছি যে ফিরছে সেই জাদু, সেই হাসি এবং এমন এক প্রতিভা যিনি প্রজন্মের পর প্রজন্মের সমর্থকদের মুগ্ধ করেছেন।’
রাভেন্না জানিয়েছে, মায়ামিতে রোনালদিনহোর সঙ্গে চুক্তির ঘোষণা থেকে শুরু করে মারিনা দি রাভেন্নার সমুদ্রসৈকতে সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা—সব মিলিয়ে তাকে ঘিরে প্রত্যাশা বেড়েছে। এবার মাঠে ফেরার অপেক্ষাও শেষ হতে যাচ্ছে।
ইতালিয়ান ফুটবলে এটি রোনালদিনহোর দ্বিতীয় অধ্যায়। এর আগে ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত এসি মিলানের হয়ে খেলেছেন তিনি। এর আগে পিএসজি ও বার্সেলোনার জার্সিতেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী দলের এই সদস্য।
তবে রাভেন্নার কাছে রোনালদিনহো শুধু শিরোপাজয়ী একজন ফুটবলার নন। তার খেলার ধরন, সৃজনশীলতা আর হাসিমাখা মুখের মধ্য দিয়ে ফুটবলকে আনন্দের উপলক্ষ করে তোলার ক্ষমতাই তাকে অন্যদের চেয়ে আলাদা করেছে বলে মনে করে ক্লাবটি।
বর্তমানে নিজেদের গ্রুপে সিরি ‘সি’-তে দ্বিতীয় স্থানে রয়েছে রাভেন্না। রোনালদিনহোর মতো তারকার আগমন মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ক্লাবটির জনপ্রিয়তাও বাড়াবে বলে আশা করা হচ্ছে।
ক্লাবটির সভাপতি ইগনাজিও চিপ্রিয়ানি ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন। তার ইচ্ছা, রাভেন্নার জার্সি গায়েই নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ গোলটি করবেন রোনালদিনহো।
সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ নভেম্বর ফোরলির বিপক্ষে ম্যাচ দিয়েই রাভেন্নার হয়ে অভিষেক হবে এই কিংবদন্তির। সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় এখন সমর্থকেরা।



