এল ক্লাসিকোতে মেসিই সেরা

সংগৃহীত ছবি
বার্সেলোনা ছেড়েছেন ৫ বছর আগে। শেষবার লিওনেল মেসিকে এল ক্লাসিকোতে দেখা গিয়েছিল ২০২১ সালের ১০ এপ্রিল। লম্বা একটা সময় পেরিয়ে গেলেও ক্লাসিকোর ইতিহাসে এখনো মেসির রেকর্ডের ধারেকাছেও কেউ নেই। ম্যাচ, গোল, অ্যাসিস্ট, হ্যাটট্রিক কিংবা ফ্রি কিকে গোল; ক্লাসিকোর সব পরিসংখ্যানে মেসিই সেরা।
২০০৫ সালের ১৯ নভেম্বর। সান্তিয়াগো বার্নাব্যুতে ৩০ নম্বর জার্সি পরা ১৮ বছর বয়সী মেসি প্রথমবারের মতো নামেন ক্লাসিকোর ধ্রুপদী এই লড়াইয়ে। প্রথম ম্যাচেই স্যামুয়েল ইতোর গোলে ছিল মেসির অ্যাসিস্ট।
সেই শুরু। এরপর দীর্ঘ ১৬ বছরে সব টুর্নামেন্ট মিলিয়ে ক্লাসিকোর ৪৫ ম্যাচে মাঠে নেমেছেন মেসি। রিয়ালের সার্জিও রামোসের সঙ্গে যা যৌথভাবে সর্বোচ্চ। এর মধ্যে মেসি জয় নিয়ে মাঠ ছেড়েছেন ১৯ ম্যাচে। হেরেছেন ১৫টিতে, ড্র ১১ ম্যাচে।
৪৫ ম্যাচে মেসির গোল ২৬। ১৮ গোল নিয়ে তার পরে আছেন দুই রিয়াল মাদ্রিদ কিংবদন্তি আলফ্রেদ দি স্তেফানো ও ক্রিস্তিয়ানো রোনালদো। ১৬ গোল নিয়ে চতুর্থ স্থানে করিম বেনজেমা। ১৫ গোল আছে রাউলের।
২০১৭ সালে বার্নাব্যুতে ৯২ মিনিটের মাথায় মেসির করা সেই গোলের পর মেসির জার্সি খুলে উদযাপনকে ক্লাসিকোর ইতিহাসের অন্যতম আইকনিক মুহূর্ত হিসেবেই মনে রেখেছেন মেসি ভক্তরা।
গোলের সঙ্গে অ্যাাসিস্টেও মেসি এগিয়ে সবার চেয়ে। তার অ্যাসিস্ট আছে ১৪টি। ১০ অ্যাসিস্টে মেসির পরে আছেন বার্সার জাভি। ইনিয়েস্তার অ্যাসিস্ট ৮টি।
ক্লাসিকোতে মেসির হ্যাটট্রিক দুটি। ২০০৭ সালে ক্যাম্প ন্যু ও ২০১৪ সালে সান্তিয়াগো বার্নাব্যুতে করেছিলেন এই দুই হ্যাটট্রিক।
ফ্রি কিক থেকে ক্লাসিকোতে মেসি বল জালে জড়িয়েছেন দুইবার। ২০১২ সালেই এসেছিল গোল দুটি। ক্লাসিকোতে এটাও রেকর্ড।



