ফ্যাব্রেগাসের জাদু ছোঁয়ায় চ্যাম্পিয়নস লিগে কোমো

মিলান, জুভেন্টাসকে পেছনে ফেলে চ্যাম্পিয়নস লিগে কোমো। ছবি: সংগৃহীত
ক্যারিয়ারের শেষটা ইতালির ছোট দল কোমোয় করেছেন সেস্ক ফ্যাব্রেগাস। ২০১০ বিশ্বকাপ ও ২০০৮ আর ২০১২ ইউরোজয়ী এই তারকা খেলা ছাড়ার পর পরই কোচের দায়িত্ব নেন এই ক্লাবের। সেই ফ্যাব্রেগাসের জাদু ছোঁয়ায় নিজেদের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়নস লিগে খেলার টিকিট পেল উত্তর ইতালির এই ক্লাব।
রবিবার সিরি ‘এ’র শেষ ম্যাচে ক্রেমোনেসেকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে চতুর্থ স্থান নিশ্চিত হয় কোমোর। অপর ম্যাচে এসি মিলান জিতলে অবশ্য ইউরোপায় খেলতে হত কোমোকে। কিন্তু ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল শুরুতে এগিয়ে গিয়েও ক্যালিয়ারির কাছে হেরেছে ২-১ গোলে।
ইতালিয়ান লিগের সেরা চার দল খেলে চ্যাম্পিয়নস লিগে। লিগ শেষে চ্যাম্পিয়ন ইন্টার মিলানের পয়েন্ট ৮৭, নাপোলির ৭৬,রোমার ৭৩ আর কোমোর ৭১। ৭০ পয়েন্ট নিয়ে মিলান পাঁচে থেকে খেলবে ইউরোপায়। জুভেন্টাস ৬৯ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল ছয়ে থেকে। তারাও খেলবে ইউরোপায়। ৫৯ পয়েন্ট নিয়ে সাতে থাকা আতালান্তা খেলবে কনফারেন্স লিগে।
২০১৯ সালে ইন্দোনেশিয়ান তামাক কোম্পানির দুই ভাই রবার্ট বুডি হার্টোনো ও মাইকেল বামবাং হার্টোনো কোমোর মালিকানা পাওয়ার সময় ক্লাবটি খেলত সিরি ডি-তে। ২০২২ সালে খেলোয়াড় হিসেবে যোগ দেন ফ্যাব্রেগাস। পরের বছরই তিনি হয়ে যান সহকারী কোচ। আর পূর্ণাঙ্গ কোচ হন ২০২৪ সালে।
পিছিয়ে থাকা সেই ক্লাব চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়ার পর ফ্যাব্রেগাসের সন্তুষ্টি,‘আমাদের দলের বেশির ভাগ খেলোয়াড়ের বয়স ২৩ বছরের কম। তারুণ্যের শক্তিতে আমরা এখন চ্যাম্পিয়নস লিগৈ। কৃতিত্বটা ওদের।’






