নতুন ইতিহাস
ইউনাইটেডের প্রথম নারী কোচ কে এই সিলভিয়া?

ম্যানচেস্টার ইউনাইটেডের দীর্ঘ ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী কোচিং স্টাফে যুক্ত হতে যাচ্ছেন। নতুন কোচ মরিসিও পচেত্তিনোর কোচিং প্যানেলে জায়গা পেয়ে ইতিহাস গড়ছেন স্প্যানিশ ফিটনেস কোচ সিলভিয়া তুইয়া ভিনাস। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর প্রতিবেদন অনুযায়ী, ৪৬ বছর বয়সী সিলভিয়ার নিয়োগ ইউনাইটেডে নতুন ইতিহাসের সূচনা করবে।
আর্জেন্টাইন কোচ পচেত্তিনোর অধীনে সিলভিয়ার কাজ করার অভিজ্ঞতা অবশ্য এটিই প্রথম নয়। ২০২৪ সালের অক্টোবরে পচেত্তিনো যখন যুক্তরাষ্ট্র জাতীয় দলের দায়িত্বে ছিলেন, তখন সিলভিয়া সেখানে প্রথম নারী হিসেবে আনুষ্ঠানিকভাবে কোচিং স্টাফে নিবন্ধিত হয়েছিলেন। এবার ইংলিশ প্রিমিয়ার লিগে পচেত্তিনোর চতুর্থ অধ্যায়েও তার বিশ্বস্ত সঙ্গী হয়ে ওল্ড ট্রাফোর্ডে আসছেন তিনি।
শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞানে (ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড স্পোর্টস সায়েন্সেস) স্নাতক ও পিএইচডি ডিগ্রিধারী সিলভিয়া মূলত ফুটবলারদের ফিজিক্যাল কন্ডিশনিং বা শারীরিক সক্ষমতা বাড়ানোর বিশেষজ্ঞ। ইংরেজি, স্প্যানিশ ও কাতালান ভাষায় পারদর্শী হওয়ায় বহুজাতিক খেলোয়াড়দের নিয়ে গড়া ইউনাইটেড স্কোয়াডের সঙ্গে মানিয়ে নিতে তার সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
সিলভিয়ার পেশাদার ক্যারিয়ার শুরু হয়েছিল বার্সেলোনার একটি হাই-পারফরম্যান্স সেন্টারে, যেখানে তিনি অ্যাথলেটদের জন্য ব্যক্তিগত প্রশিক্ষণ পরিকল্পনা তৈরি করতেন। ফুটবলে তার প্রথম অভিজ্ঞতা হয় ২০১৮-১৯ মৌসুমে, স্প্যানিশ ক্লাব এফসি লেভান্তে লাস প্লানাসের কোচিং স্টাফে কাজ করার মাধ্যমে। ২০২৬ সালে তিনি আবারও সেই ক্লাবে (বর্তমানে এফসি লেভান্তে) স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে ফিরে যান। পরে সেখান থেকেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে যোগ দেন। এছাড়া টেকনোক্যাম্পাস মাতারোতে সহযোগী অধ্যাপক হিসেবে শিক্ষকতার পাশাপাশি মাস্টার্স প্রোগ্রামেও পাঠদান করেছেন তিনি।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’ জানিয়েছে, পচেত্তিনোর সঙ্গে সিলভিয়ার কাজের সূত্রপাত হয়েছিল চেলসিতে থাকাকালীন। সেসময় সিলভিয়া ও তার মেন্টর ড. জেরার্ড মোরাস ফেলিইউ চেলসির ফিজিক্যাল প্রিপারেশন পদ্ধতি নিয়ে অতিথি পরামর্শক হিসেবে কাজ করেছিলেন। সেই সাফল্যই তাকে যুক্তরাষ্ট্র জাতীয় দল এবং এখন ম্যানচেস্টার ইউনাইটেডে নিয়ে এসেছে।
ইউনাইটেডে পচেত্তিনোর কোচিং প্যানেলে সিলভিয়া ছাড়াও থাকছেন তার দীর্ঘদিনের বিশ্বস্ত সহযোগী হেসুস পেরেজ, সহকারী কোচ মিগুয়েল ডি’আগোস্তিনো এবং গোলকিপিং কোচ টনি জিমেনেজ। এছাড়া পচেত্তিনোর ছেলে সেবাস্তিয়ানো পচেত্তিনো স্পোর্টস সায়েন্টিস্ট হিসেবে সিলভিয়া তুইয়া ভিনাসের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।
যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে হাইতির বিপক্ষে ৬-০ ও ২-০ গোলের জয়ে কনক্যাকাফ নেশনস লিগের সেমিফাইনাল নিশ্চিত করার পর ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিতে ইংল্যান্ডে পৌঁছেছেন পচেত্তিনো। ইউনাইটেডে যোগ দিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘এখানে আসতে পেরে আমি ভীষণ রোমাঞ্চিত। এমন অসাধারণ একটি ক্লাবে থাকাটা দারুণ সম্মান ও গৌরবের। কাজ শুরু করার জন্য আমি মুখিয়ে আছি।’






