ফুটবলে এটিই রোনালদোর শেষ বছর!

সংগৃহীত ছবি
বিশ্বকাপটা কেটেছে ব্যর্থতায়। ছিলেন নিজের ছায়া হয়ে। ব্যর্থ আরেকটি বিশ্বকাপ অভিযানের পর থেকেই প্রশ্ন উঠেছে, কবে অবসর নিচ্ছেন ক্রিস্তিয়ানো রোনালদো? সেই উত্তরই দিলেন যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন ‘ভোগ’-কে দেওয়া সাক্ষাৎকারে,‘ফুটবলে এটিই হয়তো আমার শেষ বছর, আমি একটি অসাধারণ উত্তরাধিকার রেখে যেতে চাই।‘
বুট জোড়া তুলে রাখার পর কী করবেন সেটাও জানিয়ে রাখলেন রোনালদো,‘আমি ভবিষ্যতের পরিকল্পনা করে রেখেছি। আমার করার মতো এত কিছু থাকবে যা আমাকে ব্যস্ত রাখবে। তাই নির্দিষ্ট একটি কাজ করা সত্যিই কঠিন। ফুটবল থেকে অবসর নিলে যে বিশাল শূন্যতা তৈরি হবে, সেটা পূরণ করতে শুধু একটি নয়, নানা ধরনের কাজে নিজেকে যুক্ত রাখতে হবে।’
টানা তৃতীয় পেনাল্টি মিস করেছেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
তিনি আরও যোগ করেন, ‘আমি জীবনটাকে আরও বেশি উপভোগ করতে চাই, আরও বেশি ভ্রমণ করতে চাই। আমি এবং আমরা যা অর্জন করেছি, তা উপভোগ করে যেতে চাই, কারণ শেষ পর্যন্ত এটি ছিল ২৫ বছরের চরম ত্যাগের এক গল্প।’
রোনালদো অবসরের ইঙ্গিত দিলেও লিওনেল মেসি সেটা দেননি। বরং বাবার মৃত্যুশোক কাটিয়ে আবারও মাঠে ফিরেছেন তিনি। গতকাল এমএলএসে ন্যাশভিলের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি।
২৩ মিনিটে মায়ামি পেনাল্টি পেলেও মেসির শট ঠেকিয়ে দেন ন্যাশভিলের গোলরক্ষক ব্রায়ান শোয়াকে। এ নিয়ে টানা তিনটি পেনাল্টি মিস করলেন মেসি। এর আগে বিশ্বকাপে মিস করেছিলেন দুটি পেনাল্টি।







