ম্যাচ শেষে ডুলি
অধিনায়ক হিসেবে হামজা দশে দশ

ছবি: আগামীর সময়
বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক হিসেবে হামজা চৌধুরিকে দশে দশ দেবেন কোচ টমাস ডুলি। বুধবার সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলে জয়ের পর বাংলাদেশ দলের কোচ জানিয়েছেন, অধিনায়ক হিসেবে হামজা পাচ্ছেন ফুল মার্কস।
অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষেই হামজার অভিষেক। দারুণ একটি গোল এবং আরেকটি গোলের দারুণ সুযোগ তৈরি সহ দলকে দারুণভাবে উজ্জীবিত ও অনুপ্রাণিত করেছেন শেফিল্ড ইউনাইটেড থেকে আসা এই ফুটবলার। ডুলি ম্যাচ শেষে বললেন, হামজাকে দশে দশ দেবেন, ' একদম টেন আউট অফ টেন। ওর পারফর্ম্যান্স চমৎকার ছিল। আপনি আর কী চান ওর কাছ থেকে? সে পাঁচটা গোল করবে?' অথচ ডুলি একটা সময় ভেবেছিলেন, হামজা নেতৃত্বই চান না, 'একটা ব্যাপার হলো যখন আমি এসেছিলাম তখন ওরা বলছিল যে সে অধিনায়ক হতে চায় না। আর সেই কারণেই জামাল সান ম্যারিনোতে অধিনায়ক ছিল। তো আমি হাফ-টাইমে ওকে অধিনায়কের আর্মব্যান্ড দিতে চেয়েছিলাম কারণ আমাকে জামালকে তুলে নিতে হয়েছিল। আর তারপর সে সেটা তপুকে দিয়ে দেয়।'
ডুলি জানালেন, দলের ভেতর থেকেই তিনি জেনেছেন যে হামজা অধিনায়ক হতে আগ্রহী নন, 'জানেনই তো, ওরা আমাকে যা বলছিল, যে সে অধিনায়ক হতে চায় না। আর আমি সেটা বুঝি, এটা ঠিক আছে কারণ ওর এটার প্রয়োজন নেই, সে যাই বলে খেলোয়াড়রা তো ওকে অনুসরণ করেই, তাই এটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু আমরা এখন ওকে জিজ্ঞেস করেছি কারণ তপু নেই, জামাল খেলেনি, এখন সাদও ছিটকে গেছে। আর ওরা বলল যে সে এটা করতে পছন্দ করবে।
মাঠে কেন হামজাই অধিনায়ক হিসেবে সেরা পছন্দ সেটাও স্পষ্ট করেছেন ডুলি, 'অধিনায়ক হিসেবে হামজার চেয়ে ভালো আর কেউ নেই, এ নিয়ে কোনো সন্দেহই নেই। তাই আমি আশা করি সে যত ম্যাচ খেলবে প্রতিবারই যেন অধিনায়ক থাকতে চায়। সে এজন্যও গুরুত্বপূর্ণ কারণ সে আসলে একমাত্র ব্যক্তি যে রেফারির সাথে কথা বলতে পারে। আর মাঠে তার উপস্থিতির কারণে এমন একজন খেলোয়াড় পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। আর খেলোয়াড়টিকে মূল একাদশেই থাকতে হবে।'



