ড্রয়ে শুরু জাভি-ক্লপের

সংগৃহীত ছবি
আবারও ডাগআউটে ফিরেছেন জাভি হার্নান্দেজ ও ইয়ুর্গেন ক্লপ। ক্লাব অধ্যায় শেষে দুজনই এখন জাতীয় দলের কোচ। জাভি দায়িত্ব নিয়েছেন নেদারল্যান্ডসের আর ক্লপ জার্মানির। উয়েফা নেশনস লিগে আমস্টারডামে নেদারল্যান্ডস-জার্মানির সেই ম্যাচটা ড্র হয়েছে ১-১ গোলে।
বিশ্বকাপ শেষে গুঞ্জন ছড়ালেও অবসর নেননি ক্রিস্তিয়ানো রোনালদো। তিনি বিবর্ণ থাকলেও পর্তুগাল জোয়াও ফেলিক্সের গোলে ১-০ ব্যবধানে হারিয়েছে ওয়েলসকে। এ ছাড়া আর্লিং হলান্ডের জোড়া গোলে নরওয়ে ৩-২ ব্যবধানে হারিয়েছে ডেনমার্ককে। অন্য ম্যাচে অস্ট্রিয়ার কাছে ৩-১ ব্যবধানে হারা ম্যাচে নিজের গোল উদযাপনের জন্য লাল কার্ড দেখেন ইসরায়েলের সাইদ আবু ফারখি। কর্নার ফ্ল্যাগের নিচের অংশ বন্দুকের মতো করে ধরে গুলি ছোড়ার ভঙ্গিতে উদযাপন করায় লাল কার্ড (দ্বিতীয় হলুদ কার্ড) দেখেন তিনি।
আমস্টারডামে ৩২ মিনিটে জার্মানিকে এগিয়ে নেন ফেলিক্স মেচা। ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে রুবেন ফন বোমেলের দুর্দান্ত ক্রস থেকে করা ভলিতে সমতা ফেরান কোডি গাকপো।
ফাইনাল থার্ডে বার্সেলোনার মতোই দাপট দেখাতে চেয়েছেন জাভি। পোস্টে ২২টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখতে পেরেছিলেন ডাচরা। সেখানে জার্মানি লক্ষ্যে শট রাখে শুধু দুটি। বিপক্ষের বক্সে ডাচরা বল স্পর্শ করেছিল ৪৪ বার আর জার্মানি ২৬ বার। তবে জার্মান গোলরক্ষক আন্দ্রে টের স্টেগেন ৯টি সেভ না করলে বড় ব্যবধানেই জিততে পারত নেদারল্যান্ডস।
ম্যাচ শেষে তাই জাভির সন্তুষ্টি, ‘প্রথমার্ধে আমরা কিছুটা স্নায়ুচাপে ভুগছিলাম, তবে বিরতির পর দাপট ছিল আমাদের। আমরা মাঠে চরিত্র, জয়ের ক্ষুধা ও তীব্রতা দেখিয়েছি, আমরাই ম্যাচের নিয়ন্ত্রণ করেছি। অবশ্যই এটি শুধু শুরু আর আমি ভীষণ খুশি। ম্যাচের শেষটা বিবেচনা করলে আমরা জয়ের দাবিদার ছিলাম।’
নতুন কোচ জর্জ জেসুসের অধীনে লিসবনের এস্তাদিও জোসে আলভালাদেতে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল পর্তুগাল। ২২ মিনিটে নুনো মেন্দেসের পাসে গোল করেন জোয়াও ফেলিক্স। কয়েকটা সুযোগ নষ্ট করা রোনালদো বিরতির পর রুবেন নেভেসের ক্রস ভালো জায়গায় পেয়েও মারেন ক্রসবারের ওপর দিয়ে। তার একটি গোল আবার বাতিল হয় ভিএআরে! তারপরও ১-০ গোলে নেশনস লিগ শুরু করাটা স্বস্তির বর্তমান চ্যাম্পিয়নদের জন্য।



