ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ
বোলারদের দাপটের দিনে বিপদে শ্রীলঙ্কা

সংগৃহীত ছবি
গল টেস্টের প্রথম দুইদিন ছিলো ব্যাটারদের দখলে। বোলাররা তেমন পাত্তা পাননি। তবে এখন চিত্র একদম উল্টো। ভারত-শ্রীলঙ্কা টেস্টের চতুর্থ দিন নিয়ন্ত্রণ করেছে বোলাররা। আজ দুই ইনিংস মিলিয়ে পড়েছে ১৪ উইকেট।
বৃষ্টির কারণে আগের দিন ব্যাটিংয়ে নামা হয়নি ভারতের। আজ ১৭৮ রানের লিড নিয়ে নিজেদের ২য় ইনিংস শুরু করে সফরকারীরা। প্রথম ওভারেই যশস্বী জয়সওয়ালকে হারিয়ে চাপে পড়ে ভারত। এরপর ইনিংস গুছানোর দায়িত্ব নেন লোকেশ রাহুল ও প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান দেবদূত পাডিকাল।
৬৫ রানের জুটি গড়ার পর ৩৫ রান করে বিদায় নেন রাহুল। অধিনায়ক শুভমান গিল এই ইনিংসেও ব্যর্থ হন। মাত্র ৮ রান করে আউট হন তিনি। দুই ইনিংস মিলিয়ে তার রান ২৪।
অধিনায়কের পর পাডিকাল আউট হলে ম্যাচের মোড় ঘুরে যায়। পাডিকাল আউট হন ৪৪ রানে। ধ্রুব জুরেলও ৭ রান করে দ্রুত সাজঘরে ফেরেন।
১২০ রানে পাঁচ উইকেট হারানোর পর রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন ঋষভ পান্ত। এই উইকেটরক্ষকের ঝড়ো ব্যাটিংয়ের কারণেই ৩৫০ এর বেশি লিড পায় ভারত। ৬৯ বল খেলে ৮ চার ও ২ ছয়ের সাহায্যে ৬৬ রান করেন এই বাঁহাতি ব্যাটার।
পান্ত আউট হওয়ার পর তেমন পার্থক্য গড়তে পারেননি ভারতের লোওয়ার অর্ডার ব্যাটাররা। ১৯৩ রানে থামে তাদের ইনিংস। শ্রীলঙ্কার হয়ে ৪ উইকেট পান পেসার আসিথা ফের্নান্দো। ৩ উইকেট পান প্রভাত জয়াসুরিয়া।
৩৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো করেনি শ্রীলঙ্কা। মাত্র ৪৭ রানে ৪ উইকেট হারায় স্বাগতিকরা। লাহিরু উদারা ১৬ রান করলেও মানব সুথারের বলে তার আউটটি নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়। রিপ্লেতে বল মাটি স্পর্শ করলেও সিদ্ধান্ত পাল্টাননি আম্পায়ার।
এরপর দিনের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান ধনাঞ্জয়া ডি সিলভা ও সোনাল দিনুশা। ৪ উইকেট হারিয়ে ৮৪ রানে দিন শেষ করে শ্রীলঙ্কা। সিলভা অপরাজিত আছেন ৩১ রানে ও দিনুশা ২৫ রানে। সুথার ২টি, সিরাজ ও জাদেজা ১টি করে উইকেট তুলে নেন। শেষদিন জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ২৮৮ রান।






