এশিয়ান গেমস
পাকিস্তানকে হারিয়ে সোনা জিতল ভারত

সংগৃহীত ছবি
জমজমাট এক ফাইনাল দেখল এশিয়ান গেমস। রানবন্যায় ম্যাচে শেষ পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে দিল ভারত। ৪০৩ রানের রেকর্ডময় ম্যাচের শেষ ওভারে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে এবারের আসরের সোনা জিতল শ্রেয়াস আইয়ারের দল।
আগের আসরেও সোনা জিতেছিল ভারত। পদক ধরে রাখার মিশনে ফাইনালে আগে ব্যাটিংয়ে নেমেছিল তারা। ৬ উইকেট হারিয়ে ২১১ রান তোলে ভারত। ইনিংসে ছিল দুটি ফিফটি। ২৮ বলে ৬১ রান করে সেরা স্কোরার অভিষেক শর্মা। তার ইনিংসে ছিল ৩টি চার ও ৭টি ছক্কা। ২২ বলে ৫১ রানে অপরাজিত থাকেন তিলক শর্মা। এই ইনিংসে ছিল ৩ চার ও ৪ ছক্কা।
পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন আহমেদ দানিয়াল ও আরাফাত মিনহাস।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের শুরুটা ভালো হয়নি। ৩৯ রান ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল তারা। সেখান থেকে দলকে টেনে নিয়েছেন হাসান নওয়াজ। তার ৫১ বলে ৯৬ রানের বিধ্বংসী এক ইনিংসের সুবাদের জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিল পাকিস্তান। সাইম আইয়ুবের ২৯ রান ছাড়া আর কেউই হাসানের পাশে দাঁড়াতে পারেননি।
শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় শেষ ওভারে। ৬ উইকেট হারিয়ে ১৯২ রানে থামে পাকিস্তানের ইনিংস। আক্সার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর ও শিভাম দুবে নিয়েছেন দুটি করে উইকেট।
দুই ইনিংস মিলিয়ে হয়েছে ৪০৩ রান। ভারত-পাকিস্তানের টি-টোয়েন্টিতে এটাই সর্বোচ্চ।



