পড়িকলের সেঞ্চুরিতে ঐতিহাসিক টেস্টে এগিয়ে ভারত

সংগৃহীত ছবি
১৫ই আগস্ট দিনটি ভারতের জন্য বিশেষ। আজ দেশটির স্বাধীনতা দিবস। তাদের ক্রিকেটের জন্যও আজকের দিনটি গৌরবের। কারণ তৃতীয় দেশ হিসেবে টেস্ট ক্রিকেটে ৬০০ টেস্টের মাইলফলক স্পর্শ করেছে ভারত। ঐতিহাসিক এই দিনে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের শুরুটা দারুণভাবে করেছে শুভমান গিলের দল। মাত্র ২ উইকেট হারিয়ে ২৮৮ রানে প্রথম দিন শেষ করেছে সফরকারীরা।
গলে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। শুরু থেকেই দ্রুত রান তুলতে থাকেন ওপেনার যশস্বী জয়সওয়াল। ৩৭ বলে ৩২ রান করার পর রানআউট হন তিনি। দ্বিতীয় উইকেটে দেবদূত পড়িকলকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন আরেক ওপেনার লোকেশ রাহুল। কিন্তু ১৫০ রানের জুটি গড়ার পর ক্র্যাম্পের কারণের রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন রাহুল। ১৬২ বলে ৭৭ রানের ইনিংস খেলেন তিনি।
রাহুল মাঠ ছাড়ার পর পড়িকল দলকে এগিয়ে নেন। তিনি ১২ চার ও ১টি ছয়ের সাহায্যে ১৩১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। এটি তার প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি। ১৩৪ বলে শতক পূরণ করেন তিনি। সৌরভ গাঙ্গুলীর পর পড়িকল দ্বিতীয় বাঁহাতি ভারতীয় ব্যাটসম্যান যিনি তিন নম্বরে নেমে টেস্টে সেঞ্চুরি করলেন।
অধিনায়ক শুভমান গিল তেমন সুবিধা করতে পারেননি। ২৮ বলে ১৬ রান করে প্রভাত জয়াসুরিয়ার বলে আউট হন তিনি। পড়িকলের সঙ্গে ২৭ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন উইকেটরক্ষক রিশাভ পান্ত।
আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় দ্বিতীয় দিনের খেলা শুরু হবে।






