জাতীয় ক্রিকেট লিগ
নাঈমের সেঞ্চুরির হ্যাটট্রিক, আলো ছড়ালেন রবিনও

সংগৃহীত ছবি
জাতীয় ক্রিকেট লিগের(এনসিএল) চতুর্থ রাউন্ডের প্রথমদিন ছিল ব্যাটারদের দাপট। সেঞ্চুরি পেয়েছেন ঢাকার নাঈম শেখ ও ময়মনসিংহের মাহফিজুল ইসলাম রবিন। তাদের দুর্দান্ত ইনিংসের সুবাদে বড় সংগ্রহের পথে এগিয়েছে ঢাকা ও ময়মনসিংহ। অন্যদিকে বরিশালের বিপক্ষেও শক্ত অবস্থানে আছে রংপুর।
রাজশাহীতে স্বাগতিকদের বিপক্ষে ৩ উইকেটে ২৯৩ রান সংগ্রহ করেছে ঢাকা। নাঈম শেখ অপরাজিত আছেন ১৭১ রানে। এটি তার প্রথম শ্রেণির ক্যারিয়ারে সপ্তম সেঞ্চুরি। জাতীয় লিগে টানা তিন ম্যাচে তিন অঙ্কের রান ছুঁলেন এই ওপেনার। তার সঙ্গে ৮৪ রানে দিন শেষ করেছেন অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন।
বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে ৪ উইকেটে ২৯৯ রান করেছে ময়মনসিংহ। মাহফিজুল ইসলাম রবিন অপরাজিত আছেন ১৫৬ রানে। মুনিম শাহরিয়ার ৫৬ করে আউট হন। চট্টগ্রামের হয়ে ৩ উইকেট তুলে নেন স্পিনার হাসান মুরাদ।
সিলেটে বরিশালের বিপক্ষে ৫ উইকেট হারিয়ে ৩২০ রানে দিন শেষ করেছে রংপুর। দলের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেন মিম মোসাদ্দেক। ৬১ রানে অপরাজিত আছেন আব্দুল্লাহ আল মামুন।



