পাকিস্তানি সমর্থকদের কটূক্তির শিকার ভারতীয় নারী ক্রিকেটার

সংগৃহীত ছবি
ভারত-পাকিস্তান নারী এশিয়া কাপের ম্যাচে ভারতীয় ক্রিকেটার ক্রান্তি গৌড়কে লক্ষ্য করে পাকিস্তানি সমর্থকেরা যৌন হয়রানিমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
ভিডিওতে কয়েকজনকে ক্রান্তির লিঙ্গ ও শারীরিক গড়ন নিয়ে আপত্তিকর মন্তব্য করতে শোনা যায়। এমনকি তাকে বারবার পুরুষ বলেও দাবি করতে শোনা যায়। তবে ভিডিওতে থাকা ব্যক্তিদের পরিচয় ও ঘটনাটির প্রেক্ষাপট নিয়ে যাচাই করা সম্ভব হয়নি।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা ক্ষোভ প্রকাশ করেছেন। নারী ক্রিকেটের অন্যতম তীব্র প্রতিদ্বন্দ্বিতার ম্যাচে ক্রান্তিকে উদ্দেশ্য করে এমন অসম্মানজনক মন্তব্যের নিন্দা জানিয়েছেন তারা।
ম্যাচ শেষ হওয়ার পর ক্রান্তি গৌড়েকে নিয়ে ও তাকে ঘিরে করা মন্তব্যগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নারী ক্রীড়াবিদদের প্রতি দর্শকদের আচরণ নিয়েও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে ভিডিওটি ঘিরে।
খেলাধুলায় নারী ক্রীড়াবিদদের লিঙ্গ ও শারীরিক বৈশিষ্ট্য নিয়ে হয়রানি দীর্ঘদিনের সমস্যা। স্টেডিয়ামের গ্যালারি থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম—বিভিন্ন জায়গায় এমন মন্তব্যের শিকার হতে হয় নারী খেলোয়াড়দের। ক্রান্তিকে নিয়ে ছড়িয়ে পড়া ভিডিওর মন্তব্যগুলোকে অসম্মানজনক আখ্যা দিয়ে সমালোচনা করেছেন অনেকেই। একই সঙ্গে নারী ক্রীড়াবিদদের প্রতি এ ধরনের আচরণ বন্ধে আরও সচেতনতার প্রয়োজনীয়তাও সামনে এসেছে।
শনিবার নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় ভারত। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৫৫ রানে গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে ৮.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।





