কঠিন গ্রুপের চ্যালেঞ্জ নিচ্ছেন হাবিবুল

শুক্রবার কেপটাউনে প্রকাশ করা হলো ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের সূচি। ‘বি’ গ্রুপে বাংলাদেশ খেলবে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও বাছাইপর্ব থেকে আসা একটি দলের সঙ্গে। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশারের অভিমত, গ্রুপটা কঠিন হয়েছে বাংলাদেশের জন্য। পাশাপাশি ভ্রমণের ধকলটা একটু বেশিই পোহাতে হবে।
বিশ্বকাপ সূচি দেখে হাবিবুলের প্রথমেই যেটা মনে হয়েছে যে অপেক্ষাকৃত কঠিন গ্রুপে বাংলাদেশ, ‘অন্য গ্রুপের চেয়ে এই গ্রুপটা একটু কঠিন, শুরুতেই ইংল্যান্ড তারপর নিউজিল্যান্ড। স্বাগতিক দক্ষিণ আফ্রিকাও একই গ্রুপে। তাই বলা যায়, দম ফেলার সুযোগ নেই। প্রথম থেকেই সেরা খেলাটা খেলতে হবে বাংলাদেশকে।’
শুরুটা নামিবিয়ায়, সেটাই ভাবাচ্ছে প্রধান নির্বাচককে, ‘নামিবিয়ার কন্ডিশনটা আমাদের অচেনা। যেখানকার সুযোগ-সুবিধা, উইকেট কেমন হবে, সেটা জানা নেই। আমরা একবার গিয়েছিলাম ২০০৩ বিশ্বকাপের সময়, এখন নিশ্চয়ই পরিস্থিতি বদলেছে। দক্ষিণ আফ্রিকায় খেলাটা সবসময় চ্যালেঞ্জিং। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে মাঠগুলো হওয়ায় অক্সিজেনের একটা অভাব প্রথম দুই তিন দিন অনুভূত হয়, তবে পেশাদার ক্রীড়াবিদরা সহজেই মানিয়ে নিতে পারেন এই পার্থক্যের সঙ্গে। দক্ষিণ আফ্রিকায় কিন্তু রান হয়, ভালো উইকেট থাকে। আমরা কিন্তু দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জিতেছি (২০২২ সালে)।’
দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ সামনে রেখে কোচ মোহাম্মদ সালাউদ্দিনের জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকান মালিবংওয়ে মাকেতাকে
কিছুদিন পর আবারও দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ, খেলবে তিন সংস্করণেরই সিরিজ। বিশ্বকাপের এক বছর আগে দক্ষিণ আফ্রিকা সফরের সুযোগটা কাজে লাগবে বলেই মনে করেন হাবিবুল, ‘এটা আমাদের জন্য ভালো একটা সুযোগ, বিশ্বকাপের আগে সেখানে খেলতে পারা। কিছুদিন আগে আমাদের ‘এ’ দলও দক্ষিণ আফ্রিকায় খেলে এসেছে।’
ভ্রমণ ক্লান্তি নিয়ে হাবিবুল বললেন, ‘খেলা, ভ্রমণ, ভেন্যু বদল— এসবের মধ্যে মনোযোগ ধরে রাখা, ১০টা ম্যাচ ভালো খেলা আর ফিটনেস ধরে রাখা, এসবই বড় চ্যালেঞ্জ। সূচিতে দেখছি খেলে পরদিন ফ্লাইট, দুই ম্যাচের মাঝে দুই থেকে তিন দিনের পার্থক্য। এসব বাস্তবতা মেনেই ভালো করতে হবে।’
এদিকে কোচ মোহাম্মদ সালাউদ্দিনের স্থলাভিষিক্ত হলেন দক্ষিণ আফ্রিকান মালিবংওয়ে মাকেতা। অস্ট্রেলিয়া সিরিজের আগে সিনিয়র সহকারী কোচের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল সালাউদ্দিনকে। ২০২৭ বিশ্বকাপ সামনে রেখে একজন দক্ষিণ আফ্রিকানকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।
২০২৮ নভেম্বর পর্যন্ত দুই বছর মেয়াদে কাজ করবেন এই কোচ। বাংলাদেশ দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত সিরিজ থেকে অভিযান শুরু হবে এই সহকারী কোচের।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের লেভেল ফোর পর্যায়ের কোচিং কোর্স করা এই ৪৬ বছর বয়সী কোচের ক্রিকেটার তুলে আনার সুনামটা বেশি। ২০২২-২৩ মৌসুমে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের প্রধান কোচ মার্ক বাউচার পদত্যাগ করার পর অস্ট্রেলিয়া সফরে দলটির অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব সামলান মাকেতা।



