টি-টোয়েন্টি মেজাজে
দুই বছর পর টেস্ট সিরিজ জিতল পাকিস্তান

টেস্ট ক্রিকেটের চিরাচরিত ধীরগতির খোলস ছেড়ে রীতিমতো টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালিয়ে মাত্র ১৩ ওভারেই ম্যাচ জিতে নিল পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন শুক্রবার ৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকেরা। ৮ উইকেটের এই দাপুটে জয়ে দুই ম্যাচের সিরিজ পাকিস্তান জিতে নিল ১-০ ব্যবধানে। প্রথম টেস্ট ড্র হয়েছিল।
আজ চতুর্থ দিন সকালে জয়ের জন্য পাকিস্তানের পথ সহজ করতে লেগেছে মাত্র দুই ওভার। আগের দিনের ৩০৯ রানের সঙ্গে আর মাত্র ৭ রান যোগ করতেই শ্রীলঙ্কার শেষ উইকেট তুলে নেন অভিজ্ঞ পেসার মোহাম্মদ আব্বাস। ৩১৬ রানে থামে লঙ্কানদের দ্বিতীয় ইনিংস। মিলান রত্নায়েকে ৬৬ রানে অপরাজিত থাকেন। আব্বাস ও আমির জামাল দ্বিতীয় ইনিংসে ৩টি করে উইকেট শিকার করেন। ৯০ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে অবশ্য দুই উইকেট হারিয়েছিল পাকিস্তান। লাহিরু কুমারার বলে তৈয়ব আরিফ (১৩) বোল্ড হওয়ার পরের ওভারেই আসিথা ফার্নান্দোর বলে এলবিডব্লিউ হন মোহাম্মদ তাহা (৪)। এরপর আর কোনো সুযোগ দেয়নি পাকিস্তান। ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে চার নম্বরে নামা পেস বোলিং অল-রাউন্ডার আমের জামাল রীতিমতো ঝড় তোলেন।
ওপেনার আজান আওয়াইসকে সঙ্গে নিয়ে শ্রীলঙ্কার বোলারদের ওপর চড়াও হন জামাল। ২২ বলে ৫টি চার ও ১টি ছক্কায় খেলেন অপরাজিত ৩৪ রানের ইনিংস। দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও দলের জয় নিশ্চিত করেন এই অল-রাউন্ডার। অন্য প্রান্তে আজান আওয়াইস ৩৬ বলে ৫টি বাউন্ডারিতে ৩২ রানে অপরাজিত থেকে ১৩ ওভারের মাথায় দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
প্রথম দিন শ্রীলঙ্কাকে মাত্র ৯৮ রানে গুটিয়ে দিয়েই মূলত ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল পাকিস্তান। এরপর প্রথম ইনিংসে ৩২৫ রান তুলে বড় লিড নেয় স্বাগতিকেরা। দ্বিতীয় ইনিংসে কুশল মেন্ডিস (৫৩), সোনাল দিনুশা (৫৪) ও মিলান রত্নায়েকের (৬৬*) ফিফটিতে শ্রীলঙ্কা ৩১৬ রান তুললেও প্রথম ইনিংসের ব্যর্থতা আর কাটিয়ে উঠতে পারেনি। ম্যাচে মোট ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন মোহাম্মদ আব্বাস।
দীর্ঘ দুই বছর পর টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল পাকিস্তান। এর আগে ২০২৪ সালের অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ডকে তারা ২-১ ব্যবধানে হারিয়েছিল।





