নাজমুল
সবাইকে অনুরোধ, আমাদের একজন অল-রাউন্ডার দিন

বাংলাদেশেরই একজন অল-রাউন্ডার একসময় বিশ্ব ক্রিকেট শাসন করতেন। তিনি সাকিব আল হাসান। ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সাকিব দেশে ফিরতে পারছেন না। অবশ্য পেস বোলিং অল-রাউন্ডার সে অর্থে বাংলাদেশে কখনই ছিল না। গতকাল জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বিশাল হারের পর একজন পেস বোলিং অলরাউন্ডারের অভাবের কথা বললেন নাজমুল হোসেন শান্ত।
জোহানেসবার্গে তিনদিন দারুণ লড়াই করে শেষ দুই দিনে ধসে পড়েছিল বাংলাদেশ। সবচেয়ে বড় প্রশ্ন ছিল- পেসার শরীফুল ইসলামকে কেন একাদশের বাইরে রাখা হলো? শান্ত বলেন, ‘শরীফুল, তাসকিন, হাসান—আমার মনে হয় যে সবাই নতুন বলে খুব ভালো বল করে। এমনকি হাসান তো পুরোনো বলেও ভালো করছে, তাসকিনও করে। কিন্তু আমাদের বোলিং বিভাগে যে পাঁচ-ছয়জন বোলার আছে, এদেরকে আসলে ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে হয়। তাই আমরা চাইলেও অনেক সময় কিছু সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যায়।’
শরীফুলের বদলে ফর্মহীনতায় ভোগা পেসার ইবাদত হোসেনকে খেলানোর ব্যাখ্যায় নাজমুল বলেছেন, ‘কন্ডিশন যে রকম ছিল, তাতে পুরোনো বলে এমন একজন বোলার দরকার ছিল যে একটু বাড়তি থ্রেট হবে। ইবাদত সব সময় এটা করে থাকে। দুর্ভাগ্যবশত এই ম্যাচে ও রকম হয়নি। তবে আমার মনে হয় কম্বিনেশনটা আমরা ভালোই বেছে নিয়েছিলাম।’
সবকিছুর পর টেস্ট দলে একজন পেস বোলিং অলরাউন্ডারের অভাব বোধ করেন অধিনায়ক নাজমুল, ‘এই জায়গায় আমরা সব সময়ই অভাব বোধ করি এবং ভুগছি। কয়েক বছর ধরে যারা নির্বাচক প্যানেলে ছিলেন বা এখন আছেন, পাশাপাশি আমাদের দেশে যারা কোচ হিসেবে কাজ করছেন, তাদের সবাইকেই আমাদের একটাই অনুরোধ—আমাদের অন্তত একজন অল-রাউন্ডার দিন। কিন্তু আমরা পাচ্ছি না। আশা করব, দেশের নির্বাচক প্যানেল ও কোচিং স্টাফে যারা আছেন, তারা এই ঘাটতি পূরণের জন্য আমাদের অন্তত এক-দুজন খেলোয়াড় দেবেন।’




