বল টেম্পারিং করেছিলেন লায়নও!

সংগৃহীত ছবি
স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে যখন নতুন করে বিতর্ক অস্ট্রেলিয়ান ক্রিকেটে, ঠিক তখনই অবিশ্বাস্যভাবে ফেঁসে যাচ্ছেন স্পিনার নাথান লায়ন। ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে সিরিজে টেম্পারিং করেছিলেন লায়ন, অস্ট্রেলীয় সাংবাদিক জেরার্ড হোয়াটলির দাবি এমনটাই।
হোয়াটলির তথ্যমতে, ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে দুবাই টেস্ট চলাকালে অস্ট্রেলিয়ার সিনিয়র এক ক্রিকেটার সতীর্থদের বলেছিলেন, 'মিন্ট আছে কার কাছে? বলের কাজটা আজ কে করবে?' সেই সিনিয়র ক্রিকেটার ছিলেন লায়ন।
এর মাত্র কিছু দিন আগে স্যান্ডপেপারগেট ঘটে। লায়নের প্রস্তাবে আপত্তি জানিয়ে এক অজি ক্রিকেটার নাকি এমনও বলেছিলেন, 'মজা করছো নাকি? সেই কাজ আর করছি না আমরা!' এমনকি লায়নকে বল টেম্পারিংয়ের প্রস্তাব দিতে শুনে অস্ট্রেলিয়ার তখনকার কোচ জাস্টিন ল্যাঙ্গারও নাকি কড়া কথা শুনিয়েছিলেন।
লায়ন অবশ্য আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। তবে তার নামে অভিযোগ ওঠায় অজিদের টেস্ট দলে জায়গা হারিয়ে ফেলেছেন সাথে সাথেই। নিউজিল্যান্ড সিরিজের চার টেস্টের কোনোটিই খেলার সুযোগ পাচ্ছেন না তিনি।
যদিও সাম্প্রতিক ফর্ম বিবেচনায় লায়ন দলে নেই- এমন দাবিও করা হচ্ছে। তবে লায়নের ক্যারিয়ার এখানেই থেমে গেলে এতে কোনো সন্দেহ থাকবে না- বল টেম্পারিংয়ের অভিযোগই তাকে দল থেকে দূরে ঠেলে দিয়েছে।
কোড স্পোর্টসকে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘স্বাধীন ফোরামের কার্যপরিধি আজ প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাটি নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ পাবেন। যেকোনো তথ্য দেওয়ার জন্য এটিই উপযুক্ত জায়গা।’
এদিকে উসমান খাজার তথ্য ফাঁসের পর কেপটাউন টেস্টের বল টেম্পারিং নিয়ে আবারও তদন্তে নামছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ৬ সপ্তাহের সময়সীমা নির্ধারণ করে এই বিষয়টি নিয়ে গভীরভাবে তদন্ত করবে সিএ। যদিও নতুন করে কাউকে দায়ী করবে না বোর্ড।
৩৯ বছর বয়সী লায়ন অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫টি টেস্ট, ২৯টি ওয়ানডে ও এক জোড়া টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।



