গেইলের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন প্রিটোরিয়াস

সংগৃহীত ছবি
১৩ বছর ধরে রেকর্ডটা অক্ষুণ্ণ ছিল। দীর্ঘ এক যুগ পর ভাঙল ক্রিস গেইলের সেই অবিশ্বাস্য রেকর্ড।দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার লুয়ান-দ্রে প্রিটোরিয়াস গড়লেন নতুন ইতিহাস। ১৮৮ রানের ইনিংস খেলে গেইলকে ছাড়িয়ে পুরুষদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের নতুন রেকর্ড গড়েছেন তিনি।
ব্লুমফন্টেইনে সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে নাইটসের বিপক্ষে টাইটানসের হয়ে মাত্র ৭৯ বলে অপরাজিত ১৮৮ রান করেন প্রিটোরিয়াস।
এর আগে পুরুষদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটি ছিল গেইলের। ২০১৩ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে অপরাজিত ১৭৫ রান করেছিলেন ক্যারিবীয় এই তারকা।
শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন বাঁহাতি এই ওপেনার। মাত্র ২৪ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। এরপর আর ১৬ বল খেলেই পৌঁছে যান সেঞ্চুরিতে। ৫৮ বলে ১৫০ রান পূর্ণ করার পর ইনিংসের শেষ পর্যন্ত ব্যাট করে ৭৯ বলে ১৮৮* রানে অপরাজিত থাকেন প্রিটোরিয়াস।
তার ইনিংসে ছিল ১৫টি চার ও ১৩টি ছক্কা। অর্থাৎ বাউন্ডারি থেকেই ১৩৮ রান করেন তিনি।
প্রিটোরিয়াসের ব্যাটিং তাণ্ডবে টাইটানস নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৬৭ রান সংগ্রহ করে। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। প্রতিযোগিতাটির সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডও টাইটানসের—২০২২ সালে একই নাইটসের বিপক্ষে ৩ উইকেটে ২৭১ রান করেছিল তারা।
প্রিটোরিয়াসের ১৮৮ শুধু গেইলের রেকর্ডই ভাঙেনি, সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও নতুন করে লিখেছে। এর আগে এই রেকর্ডটি ছিল ডেওয়াল্ড ব্রেভিসের দখলে। ২০২২ সালে নাইটসের বিপক্ষেই ১৬২ রান করেছিলেন ব্রেভিস।



