বিরল রেকর্ড
১০ মাস পর দলে ফিরে ২১ মাসের অপেক্ষার অবসান

টেস্ট দলে ফিরেছেন ১০ মাস পর। স্টিভেন স্মিথের চোটের সুবাদে একাদশে ফেরাটা জস ইংলিস রাঙালেন সেঞ্চুরি করে। কেপটাউন টেস্টে তার সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার ৩২৯ রানের জবাবে তৃতীয় দিন প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অলআউট হয় ৪২৯ রানে। এর মাধ্যমে তিন সংস্করণে সেঞ্চুরির একটা রেকর্ডও গড়েছেন ইংলিস।
আগের দিন জস ইংলিস অপরাজিত ছিলেন ৮৫ রানে। আজ বৃহস্পতিবার ম্যাচের তৃতীয় দিনে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির পর ১৩৫ বলে ১১ বাউন্ডারি ২ ছক্কায় আউট হন ১০২ রানে। এটা টেস্টে ২১ মাস পর প্রথম সেঞ্চুরি ইংলিসের। ২০২৫ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারের অভিষেক টেস্টে গলেও তিনি আউট হয়েছিলেন ঠিক ১০২ রানে। এছাড়া কেপটাউনে ৮০ রান করেন অ্যালেক্স ক্যারি। অস্ট্রেলিয়ার সমৃদ্ধ ক্রিকেট ইতিহাসে অনেক কিংবদন্তি ব্যাটার থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণের প্রতিটিতে অন্তত দুটি সেঞ্চুরি কেউ হাঁকাতে পারেননি। গ্লেন ম্যাক্সওয়েলের টি-টোয়েন্টিতে ৫টি এবং ওয়ানডেতে ৪টি সেঞ্চুরি থাকলেও টেস্টে তার সেঞ্চুরি মাত্র ১টি। সেটা ২০১৭ সালে ভারতের বিপক্ষে। অ্যারন ফিঞ্চ ওয়ানডেতে ১৭টি এবং টি-টোয়েন্টিতে ২টি সেঞ্চুরি করলেও টেস্টে কোনো সেঞ্চুরি করতে পারেননি।
সতীর্থদের ছাপিয়ে ৬ টেস্ট, ৪৩ ওয়ানডে এবং ৪৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা জশ ইংলিস তিন সংস্করণেই ২টি করে সেঞ্চুরি হাঁকিয়েছেন। তার ব্যাটে ভর করে প্রথম ইনিংসে ১০০ রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ইতোমধ্যেই দক্ষিণ আফ্রিকা তাদের ছাড়িয়ে গেছে। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া মিচেল স্টার্ক দ্বিতীয় ইনিংসেও বল হাতে বিধ্বংসী হয়ে উঠেছেন।




