লর্ডস টেস্ট
দলকে না জানিয়েই ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পিসিবির!

সংগৃহীত ছবি
লর্ডস টেস্টের প্রথম দিনে মাঠের ক্রিকেটের চেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছিল মাঠের বাইরের একটি ঘটনা। কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি অধিনায়ক ইমরান খানের ছেলেদের একটি সাক্ষাৎকার সম্প্রচার করায় ব্রিটিশ সম্প্রচারমাধ্যম স্কাই স্পোর্টসের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, ওই সাক্ষাৎকার সম্প্রচার করা হলে লর্ডসে দুপুরের বিরতির পর খেলা বর্জনের চিন্তাভাবনাও করেছিল পিসিবি কর্তারা। তবে সেই বয়কটের সিদ্ধান্ত নাকি নেওয়া হয়েছিল দলকে না জানিয়েই!
দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তান কোচ সরফরাজের কাছে বয়কটের ব্যাপারটি নিয়ে জানতে চাওয়া হয়। তিনি জানিয়েছেন, ‘সত্যি বলতে আমি কিছুই জানতাম না, দলও না। আমি শুধু ম্যাচ নিয়েই মনোযোগ দিচ্ছি। আপনি সাক্ষাৎকারটির কথা বলছেন? আমরা সাক্ষাৎকারটি সম্পর্কে কিছুই জানি না।’
প্রথম দিনের বিকালের সেশন খেলতে পাকিস্তানের ক্রিকেটাররা আদৌ মাঠে ফিরবে কি না, এমন কোনো অনিশ্চয়তা তৈরি হয়েছিল কি না— জানতে চাইলে পাকিস্তানের সাবেক এ অধিনায়ক বলেছেন, ‘সবাই ঠিক আছে। তখন আমরা মধ্যাহ্নভোজ করছিলাম। বয়কটের ব্যাপারে আমরা কিছু শুনিনি।’
দলকে অন্ধকারে রেখে বয়কটের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে পিসিবি অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি।







