রাওয়ালপিন্ডি টেস্ট
শ্রীলঙ্কাকে চাপে রেখে দ্বিতীয় দিন শেষ করল পাকিস্তান

সংগৃহীত ছবি
রাওয়ালপিন্ডি টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে চালকের আসনে রয়েছে পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৭৪ রানে ৩ উইকেট হারিয়েছে সফরকারীরা। প্রথম ইনিংসে ২২৭ রানের লিড পাওয়ায় ম্যাচের দ্বিতীয় দিন শেষে বেশ ভালো অবস্থানে রয়েছে স্বাগতিকরা।
বুধবার দ্বিতীয় দিনে ৩ উইকেটে ১২১ রান নিয়ে ব্যাট করতে নামে পাকিস্তান। তবে দিনের শুরুতে নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। ৪৭ রানে অপরাজিত থাকা আজান আওয়াইস আর কোনো রান যোগ করতে পারেননি। সৌদ শাকিল করেন ২৪ রান। অভিষিক্ত সাকিব খান ৩৭ রান করে আউট হন। অধিনায়ক সালমান আলী আগার ব্যাট থেকে আসে ২১ রান।
তবে শেষ দিকে গাজী ঘোরি ও রাজাউল্লাহর ব্যাটে বড় সংগ্রহ পায় পাকিস্তান। নবম উইকেটে ৫৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন তারা। ৯০ বলে ৫৪ রান করেন ঘোরি। অন্যদিকে মাত্র ৩২ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন রাজাউল্লাহ। তাতে ৮৭.৫ ওভারে ৩২৫ রানে অলআউট হয় পাকিস্তান। প্রথম ইনিংসে ৯৮ রানে গুটিয়ে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে তাদের লিড দাঁড়ায় ২২৭ রান।
শ্রীলঙ্কার হয়ে লাহিরু কুমারা ৯৫ রানে ৫ উইকেট নেন। আসিথা ফার্নান্দো শিকার করেন ৩ উইকেট।
২২৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও স্বস্তিতে নেই শ্রীলঙ্কা। মাত্র ১০ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় তারা। পরে কামিন্দু মেন্ডিসও ১৬ রান করে ফিরে যান। তবে ধনঞ্জয়া ডি সিলভা ও পাসিন্দু সুরিয়াবান্দারা অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন। ধনঞ্জয়া ২৭ বলে ২৪ এবং সুরিয়াবান্দারা ৬১ বলে ১৮ রানে অপরাজিত আছেন।
দিন শেষে ২২ ওভারে ৩ উইকেটে ৭৪ রান করেছে শ্রীলঙ্কা। ইনিংস ব্যবধানে হার এড়াতে হলে এখনো ১৫৩ রান করতে হবে তাদের।



