পিএসএলে বিদেশি হিসেবে খেলবেন আমির!

সংগৃহীত ছবি
জন্ম ও পেশাদার ক্যারিয়ার, সবটাই পাকিস্তানে। সেই পাকিস্তানের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলেই মোহাম্মদ আমির খেলবেন বিদেশি ক্রিকেটার হিসেবে! শুনতে খানিকটা অবাক লাগলেও পরের আসরে এমনটাই হতে যাচ্ছে।
কিছুদিন আগে ব্রিটিশ পাসপোর্ট পেয়েছে আমির। এতেই বেঁধেছে বিপত্তি। পিএসএলের নিয়ম অনুযায়ী, পাকিস্তানের পাসপোর্ট না থাকলে তাকে দেশি ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হবে না।
উইজডেনের ‘দা স্কুপ এক্সটেন্ডেড’ অনুষ্ঠানে আমির নিজেই আভাস দিয়েছেন, পিএসএলের পরের আসরে বিদেশি ক্রিকেটার হিসেবে নাম নিবন্ধিত হতে পারে তার।
গত জুনে আমিরের ব্রিটিশ নাগরিকত্ব নিশ্চিত হয়। পরে ব্রিটিশ হিসেবেই তাকে ভাইটালিটি ব্লাস্টে দলে নেয় নটিংহ্যামশায়ার। দা হান্ড্রেডে এখন ট্রেন্ট রকেটসের খেলছেন তিনি স্থানীয় ক্রিকেটার হিসেবে।
ব্রিটিশ পাসপোর্ট নিয়েই আগামী মৌসুমে তার আইপিএলে খেলতে পারেন আমির। ব্রিটিশ নাগরিক হয়ে তিন মৌসুম আইপিএলে খেলেছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদ।
গত মৌসুমে পিএসএলে আমির খেলেছিলেন রাওয়ালপিন্ডিজে। নিলামে ৫ কোটি ৪০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল নতুন ফ্র্যাঞ্চাইজিটি। চুক্তিটি ছিল দুই বছরের। এখন বিদেশি ক্রিকেটার হয়ে যাওয়ায় সামনের মৌসুমে বাঁহাতি এই পেসারকে ঘিরে বেশ জটিলতাই তৈরি হবে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনও আমিরের খেলার ব্যাপারে স্পষ্ট করেনি। রাওয়ালপিন্ডিজ তাকে বর্তমান চুক্তি অনুযায়ী দলে রাখতে পারবে কি না, সেটাও নিশ্চিত নয়।
পিএসএল ২০২৬-এর নতুন নিয়ম অনুযায়ী, দলের মোট সদস্য সংখ্যার ওপর নির্ভর করে স্কোয়াডে পাঁচ থেকে সাতজন বিদেশি ক্রিকেটার রাখার অনুমতি ছিল। একাদশে সর্বনিম্ন তিনজন এবং সর্বোচ্চ চারজন বিদেশি থাকতে পারতেন। তাই আমিরের এই পরিবর্তন আগামী মৌসুমের জন্য রাওয়ালপিন্ডিজের ক্রিকেটার বাছাই এবং দল গঠনে প্রভাব ফেলতে পারে।






