ডারউইন জয়ের পর পতনের শুরু

গ্রাফিকস: আগামীর সময়
ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে জয়ের পর টেস্টে বাংলাদেশ দলকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দেখার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে হারের পর সেই সম্ভাবনা উবে গেছে হাওয়ায়। পাঁচে থাকা বাংলাদেশের ওপরের চার দল পয়েন্টের ব্যবধানে এতটাই এগিয়ে যে বর্তমান চক্রের বাকি তিন টেস্ট জিতলেও বাংলাদেশের ফাইনালে খেলার সম্ভাবনা কম।
মধুচন্দ্রিমার পর সংসারের জ্বালা-যন্ত্রণা শুরু হলেই বোঝা যায় কত ধানে কত চাল। নিয়মিত টেস্ট ভেন্যুর বাইরে ডারউইনে ম্যাচ আয়োজন করে আর প্রস্তুতি পর্ব ছাড়া খেলতে নেমে বাংলাদেশের বিপক্ষে টেস্টটা হেরেছিল অস্ট্রেলিয়া। ঘুরে দাঁড়িয়ে ম্যাকাইয়ে পরের ম্যাচেই তারা বাংলাদেশকে গুঁড়িয়ে দেয়। এমন পরিণতি অবশ্য অপ্রত্যাশিত ছিল না। তবে আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে টেস্ট ড্র করা, ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যাওয়া এবং সিলেটে ড্র করা— এই তিনটি ফলই অপ্রত্যাশিত। এই তিন ম্যাচেই বাংলাদেশ হেরেছে ভুল একাদশ নির্বাচন, ভুল কৌশল এবং সঠিক প্রস্তুতির অভাবে। হয়তো অস্ট্রেলিয়ায় জয়ের অতি আত্মবিশ্বাসই ভূমিকা রেখেছে পরবর্তী ম্যাচগুলোর অনাকাঙ্ক্ষিত ফলের নেপথ্যে। একই সঙ্গে ব্যক্তিগত অর্জনের আত্মতুষ্টির কাছে দলের চূড়ান্ত ফলাফল অপ্রাসঙ্গিক হয়ে ওঠার মূল্যও দিতে হয়েছে।
আবুধাবিতে লিটন সেঞ্চুরি আর হাফসেঞ্চুরি করেছেন দুই ইনিংসে, ডিসমিসাল ৮টি। অথচ সেদিকুল্লাহ আতালের সহজ স্টাম্পিং মিস করেছেন, তাকে সেঞ্চুরি করে ইনিংস লম্বা করার সুযোগ দিয়েছেন। আফগানিস্তান হার বাঁচিয়েছে। অথচ নিশ্চিত জয় হাতছাড়া হওয়ার পরও প্রশংসা আর স্তুতিতে ভেসে গেছেন লিটন দাস। ঢাকা টেস্টে প্রথম ইনিংসে সাদমান ইসলামের সেঞ্চুরির আড়ালে ঢাকা পড়েছে স্পিন খেলতে না পারার অদক্ষতা। ওয়েস্ট ইন্ডিজের তিন স্পিনার মিলে ঢাকায় ১৬ উইকেট নিলেন, অথচ ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের তিন স্পিনার মিলে একটা উইকেটও নিতে পারলেন না শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের চেনা অলিন্দে। সিলেটে তাওহীদ হৃদয়ের ডাবল সেঞ্চুরির আড়ালে চাপা পড়ল অভিজ্ঞদের ব্যাটিং ব্যর্থতা, ঢাকা পড়ে গেল হৃদয়ের ২৪২ রানের পাশে দলের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস ৩৪ রানের। হাসান মাহমুদের ৬ উইকেটের আড়ালে চলে গেছে ঢাকায় দ্বিতীয় ইনিংসের পর সিলেটে প্রথম ইনিংসে ১২ এবং ১৯ ওভার বল করেও উইকেটশূন্য ছিলেন তাইজুল, কুড়িয়ে পাওয়া উইকেট পেতে অনেক রান খরচ করছেন মেহেদী হাসান মিরাজ। মুমিনুলের ৮৩ টেস্ট আর ১৩ সেঞ্চুরির আড়ালে চাপা পড়ে গেছে, দক্ষিণ আফ্রিকায় ১০ ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটার এই দেশে খেলা গত ছয় ইনিংসে দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেননি। তাকে কনকাশন চোটের পর দলে জায়গা করে দিতে একজন বোলার কম নিয়ে ওয়ান্ডারার্সে নামল বাংলাদেশ।
৯ উইকেটে হারের পর অধিনায়ক শান্ত বলেছেন, তিনি এই দলের ব্যাটিং নিয়ে খুবই খুশি, ‘ব্যাটিং বিভাগ নিয়ে দারুণ খুশি। কয়েক বছর ধরে পেস বোলাররা দারুণ পারফর্ম করছে। এত বেশি ভুল করা যাবে না, বিশেষ করে নো বল আর ক্যাচ মিসের মতো ভুলগুলো। বিশ্বের সেরা দলের বিপক্ষে খেললে ভুল করার সুযোগ নেই। আমরা যেভাবে ব্যাট করেছি, বিশেষ করে লিটন আর হৃদয়— দেখে সত্যিই ভালো লাগছে। আশা করি, পরের ম্যাচেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।’ এই খুশি হওয়ার মতো ব্যাটিং শেষ পর্যন্ত ম্যাচ জেতাতে পারছে না, দেশে এবং দেশের বাইরে স্পিনারদের কাছে হতে হচ্ছে নাজেহাল। এই সত্যিটা স্বীকারের সৎ সাহস কেউই দেখাচ্ছেন না।



